Advertisement
E-Paper

‘মোক্ষ থেকে আবার মায়ায় ফিরলেন মমতা’, ঝলমলে পোশাকে নেচে বিতর্কে ‘সন্ন্যাসিনী’ অভিনেত্রী

অনুষ্ঠানে মমতার অভিনীত ছবির গান বাজানো হয়েছিল। সেই গানের সঙ্গে নাচেন অভিনেত্রী। ‘ঘাতক’, ‘কর্ণ অর্জুন’ ছবির গানের সঙ্গে নাচেন তিনি। তবে মমতার নাচের থেকেও বেশি নজর কেড়েছে তাঁর পোশাক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪
বিতর্কে মমতা কুলকর্ণী!

বিতর্কে মমতা কুলকর্ণী! ছবি: সংগৃহীত।

আবার বিতর্কে মমতা কুলকর্ণী। নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীকে সম্প্রতি দেখা গেল তাঁর পুরনো ছবির গানে নাচতে। সেই নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে অভিনেত্রীকে নিয়ে। জয়পুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই মঞ্চে নাচতেও দেখা যায় মমতাকে। ২০২৫ সালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তিনি। সেই প্রসঙ্গও উঠে আসছে।

অনুষ্ঠানে মমতার অভিনীত ছবির গান বাজানো হয়েছিল। সেই গানের সঙ্গে নাচেন অভিনেত্রী। ‘ঘাতক’, ‘কর্ণ অর্জুন’ ছবির গানের সঙ্গে নাচেন তিনি। তবে মমতার নাচের থেকেও বেশি নজর কেড়েছে তাঁর পোশাক। মঞ্চে তাঁকে দেখা যায় ঝলমলে পোশাকে। ২০২৫ সালে সন্ন্যাস নেওয়ার পরে গেরুয়া পোশাকে যে আধ্যাত্মিক রূপে তাঁকে দেখা গিয়েছিল, তার সঙ্গে এই সাজের বেশ পার্থক্য বলে দাবি নেটাগরিকের। এই মঞ্চে যেন অতীতে পর্দার মমতাকেই ফের দেখা যায়।

মমতার নতুন ভিডিয়ো ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ প্রশংসা করেছেন। কেউ আবার খোঁচা দিয়েছেন মমতাকে। এক জন লিখেছেন, “এ তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন! আবার কী হল!” অন্য এক জনের মন্তব্য, “এ তো সাধু হয়ে গিয়েছিলেন না? সে সব কি ভুলে গিয়েছেন?” আর এক জনের কটাক্ষ, “মোক্ষ থেকে আবার মায়ায় ফিরে এলেন মমতা!”

তবে অনেকেই মমতার প্রশংসাও করেছেন। এক জন লিখেছেন, “ওঁকে দারুণ দেখতে লাগছে। আমাদের প্রজন্মের তারকা।” আর এক অনুরাগী লিখেছেন, “ওঁর সাধিকা হওয়ার দরকার ছিল না। তিনি এখনও খুব সুন্দর এবং আকর্ষণীয়।”

২০২৫ সালের ২৪ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভের সময়ে সন্ন্যাস গ্রহণ করেন মমতা। একটি আধ্যাত্মিক নামও গ্রহণ করেছিলেন তিনি। কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদেও তাঁকে নিযুক্ত করা হয়েছিল। তবে তাঁর এই নিয়োগ নিয়ে পরে আখড়ার অন্দরেই বিতর্ক তৈরি হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মমতা ওই পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও জানিয়েছিলেন। পরে অবশ্য তিনি দাবি করেন, তাঁর ইস্তফা গ্রহণ করা হয়নি। আধ্যাত্মিক জীবনেই তিনি এগিয়ে যেতে চান বলেও জানিয়েছিলেন অভিনেত্রী। তাই আবার ঝলমলে পোশাকে বলিউডের গানে তাঁকে নাচতে দেখে আলোচনা শুরু হয়েছে।

Mamta Kulkarni

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy