নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ফের মুখ খুললেন মুকেশ খন্না। এ বার ছবিতে রামের যুদ্ধের দৃশ্য নিয়ে আপত্তি জানালেন প্রবীণ অভিনেতা। তাঁর বক্তব্য, ছবিতে রামকে ‘মর্যাদা পুরুষোত্তম’ হিসাবে দেখানোর বদলে অনেকটাই প্রচলিত ‘অ্যাকশন হিরো’র আদলে তুলে ধরা হয়েছে।
এক সাক্ষাৎকারে ছবির ঝলক নিয়ে কথা বলেন মুকেশ। বিশেষ করে একটি দৃশ্যের উল্লেখ করেন তিনি, যেখানে রামকে গাছে উঠে তির ছুড়তে দেখা যায়। মুকেশের মতে, রামায়ণ পড়ে এবং বছরের পর বছর রামলীলা দেখে রামের যে ছবি তাঁর মনে তৈরি হয়েছে, এই দৃশ্য তার সঙ্গে মেলে না। মুকেশ বলেন, “শ্রীরাম ধনুর্ধর ছিলেন ঠিকই। তিনি ভগবানের অবতার। কিন্তু যে ভাবে যুদ্ধের দৃশ্য দেখানো হয়েছে, শ্রীরাম গাছের উপরে উঠে তির ছুড়ছেন, এমনটা তো কখনও দেখিনি। এত রামায়ণ পড়েছি, রামলীলা দেখেছি। শ্রীরামকে সলমন খান, অমিতাভ বচ্চন, রজনীকান্ত বানিয়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:
ছবিতে রামকে বড় মাপের যুদ্ধবাজ নায়ক হিসেবে দেখানো হলে তাঁর আপত্তি রয়েছে বলেও জানান মুকেশ। তাঁর কথায়, “শ্রীরামকে যদি মর্যাদা পুরুষোত্তমের বদলে শুধু যোদ্ধা হিসাবে দেখানো হয়, তাঁকে আর্নল্ড শোয়ার্জনেগারের মতো করে তোলা হয়, তা হলে আপত্তি আছে। যদি এ ভাবেই যুদ্ধ করতেন, তা হলে বানরসেনার সাহায্যই বা কেন প্রয়োজন হত?”
এর আগে মুকেশ দাবি করেছিলেন, রণবীরের ‘অ্যানিম্যাল’ ছবির প্রভাব পড়বে ‘রামায়ণ’-এ। দু’টি চরিত্রের কোনও মিল নেই। সেই কারণেও আপত্তি জানিয়েছিলেন মুকেশ খন্না।