কয়েক মাস আগে অভিনেত্রী নফীসা অলী জানিয়েছিলেন, তাঁর ডিম্বাশয়ের ক্যানসার এখন চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। তৃতীয় বার ক্যানসার উপশমের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান তিনি। এ বার নিজের শারীরিক অবস্থা নিয়ে ফের অনুরাগীদের নতুন খবর দিলেন প্রবীণ অভিনেত্রী। সাম্প্রতিক স্ক্যানে দেখা গিয়েছে, ক্যানসার এ বার তাঁর লিভারের উপরিভাগেও ছড়িয়েছে। সেই কারণে চিকিৎসার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।
রবিবার সমাজমাধ্যমের পাতায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি ভাগ করে নেন ৬৯ বছরের নফীসা। ছবিতে হাসিমুখে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর হাতে ছিল আইভি ড্রিপ। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, “আমার চিকিৎসার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং এখন আমাকে ‘টার্গেটেড থেরাপি’ দেওয়া হচ্ছে। আমি লড়াই চালিয়ে যাচ্ছি। আমার পাশে থেকে সবসময়ে আমার মনোবল শক্ত রাখার জন্য ধন্যবাদ।”
হাসপাতাল থেকে ছবি ভাগ করে নেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত।
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সহজ ভাষায় অভিনেত্রী জানান, পিইটি/সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী তাঁর ওভারিয়ান ও পেরিটোনিয়াল ক্যানসার আরও ছড়িয়েছে এবং যকৃতের উপরিভাগে নতুন করে ক্যানসারের উপস্থিতি ধরা পড়েছে।
নফীসার পোস্ট প্রকাশ্যে আসতেই দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন অনুরাগী এবং সহকর্মীরা। পোশাকশিল্পী ফরাহ খান অলীও অভিনেত্রীকে সাহস জুগিয়ে লেখেন, “লড়াই চালিয়ে যাও। তুমি শক্তিশালী, অসাধারণ এবং সাহসী। তুমি অবশ্যই সফল হবে।”
এর আগে ২০১৮ সালে নফীসা জানিয়েছিলেন, তাঁর তৃতীয় পর্যায়ের পেরিটোনিয়াল এবং ওভারিয়ান ক্যানসার ধরা পড়েছে। সেই সময় থেকেই চিকিৎসা চলছে তাঁর। বর্তমানে গোয়ায় থাকেন অভিনেত্রী।
চলতি বছরের জুলাইয়ে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে নফীসা বলেছিলেন, “ক্যানসার পরিবারকে ভেঙে দেয়। আর্থিক ভারসাম্যও নষ্ট করে দেয়। জীবনে এর চেয়ে ভয়ঙ্কর কোনও যাত্রার মুখোমুখি আমি হইনি। আগে আমি গোটা বিশ্বের জন্য লড়াই করতে পারতাম, আর এখন নিজের জীবনের জন্য লড়ছি।”
আরও পড়ুন:
তবে অসুস্থতা তাঁকে কাজ থেকে পুরোপুরি দূরে রাখতে পারেনি। ক্যানসার ধরা পড়ার চার বছর পর, ২০২২ সালে সূরজ বড়জাত্যার ‘উঁচাই’ ছবিতে অমিতাভ বচ্চনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন নফীসা।
সম্প্রতি পদ্মকুমার নরসিংহমূর্তির ‘ম্যাক্স, মিন অ্যান্ড মেওজ়াকি’ ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।