গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ অবেশেষে মুক্তি পেয়েছে। ছবির ঝলক নিয়ে বিশেষ উৎসাহ তৈরি হয়েছিল দর্শকের মধ্যে। ছবিতে যশ ও কিয়ারা আডবাণীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। তবে মুক্তির পর থেকেই সমালোচনার মুখে ছবিটি। সমাজমাধ্যম জুড়ে শুধুই ট্রোলিং ও সমালোচনা চলছে। এর মধ্যেই যশ এবং গীতুর পুরনো সাক্ষাৎকারের বেশ কিছু ভিডিয়ো খুঁজে বার করেছেন নেটাগরিকেরা। ইতিমধ্যেই সেগুলি ফের ভাইরাল।
এক পুরনো সাক্ষাৎকারে গীতু বলেছিলেন, “আমি চিত্রনাট্যে একটা জিনিস লিখি, কিন্তু শুট করি অন্য কিছু, আবার সম্পাদনার সময়ে অন্য কিছু করি। তার পরে ছবিটা মুক্তি পেলে আমার ভাল লাগে। আমি কখনওই চিত্রনাট্য মেনে চলি না। এখনও আমার পরের ছবি নিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলছি। তাঁদের আমি একটা কথাই বার বার বলেছি, আপনারা যে জিনিসটা পড়ছেন, শেষ পর্যন্ত কিন্তু সেটা পাবেন না।”
অন্য দিকে, ‘টক্সিক’ নিয়ে কথা বলেছিলেন যশও। এক সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, “আমি নিশ্চিত, দর্শক যখন প্রেক্ষাগৃহ থেকে বেরোবেন, তখন তাঁরা অবাক হয়ে যাবেন। আর বলবেন, এটা কী দেখলাম!”
আরও পড়ুন:
যশ এবং গীতুর এই দুই বক্তব্য নিয়েই এখন নেটাগরিকের একাংশ ট্রোল করছেন। তাঁদের বক্তব্য, “যশ ঠিকই বলেছেন। সত্যিই মানুষ দেখে ভাবছে এটা কী দেখলাম এবং কেন দেখলাম।” আবার গীতুর বক্তব্য নিয়েও তাঁরা বলছেন, “পরিচালক নিজেই স্বীকার করেছেন, ছবির চিত্রনাট্যই নাকি তিনি মানেন না! এ ক্ষেত্রে আর কী বলা যায়!” দর্শকের একাংশের মত, ছবিটি যৌনগন্ধী ও অহেতুক রক্তারক্তিতে ভরা। তবে কেউ কেউ আবার যশের অভিনয়ের প্রশংসা করেছেন।
‘টক্সিক’ মূলত নেতিবাচক সমালোচনাই পেয়েছে। মুক্তির আগে থেকেই ছবির অগ্রিম বুকিং ছিল বেশ ভাল। ফলে প্রথম দিনেই বক্সঅফিসে বড়সড় প্রভাব ছিল। ভারতে সব ভাষা মিলিয়ে প্রথম দিনে ১০১.১০ কোটি টাকা নেট ব্যবসা করেছে যশের ‘টক্সিক’। বিশ্ব জুড়ে ছবিটির মোট আয় ১৪০.৭৫ কোটি টাকা।
তবে ছবির সমালোচনা যেহেতু মূলত নেতিবাচক, তাই আগামিদিনে বক্সঅফিসে ‘টক্সিক’ কতটা সাড়া ফেলে, তা প্রশ্নের মুখে।