Advertisement
E-Paper

ওয়াঘা সীমান্তে ছবির প্রচারে গিয়ে ‘অস্বস্তি’! আয়ুষ্মান-সারার বক্তব্য ঢাকল পাক গায়ক আতিফের গানে

সারা ও আয়ুষ্মানের প্রচার চলাকালীন হঠাৎই পাকিস্তানের দিক থেকে ভেসে আসে আতিফ আসলামের গান ‘তাজদার-এ-হারাম’।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৮:০৮
Pakistani side plays Atif Aslam song as Ayushmann-Sara visit Attari-Wagah border

সারা ও আয়ুষ্মানের গান ঢাকা পড়ল কোন গানে? ছবি: সংগৃহীত।

মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও সারা অলী খান অভিনীত ছবি ‘উড়তা তীর’। ছবির প্রচারে পঞ্জাবের অটারী-ওয়াঘা সীমান্তে গিয়েছিলেন আয়ুষ্মান ও সারা। কিন্তু সেখানে গিয়েই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ, প্রচারপর্বের মাঝে পাকিস্তানের দিক থেকে একটি গান ভেসে আসে। যার ফলে আয়ুষ্মান ও সারার বক্তব্য ঢাকা পড়ে যায়। সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিয়ো।

সারা ও আয়ুষ্মানের প্রচার চলাকালীন হঠাৎই পাকিস্তানের দিক থেকে ভেসে আসে আতিফ আসলামের গান ‘তাজদার-এ-হারাম’। সেই সময়ে ছবি সম্পর্কে কথা বলেছিলেন দুই তারকা। কিন্তু গানটি চলার জন্য তাঁদের কথা ঢাকা পড়ে যায়।

২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘উড়তা তীর’। সেই ছবির প্রচারের মাঝেই পাকিস্তানের দিক থেকে গান ভেসে আসায় তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে এই পরিস্থিতি নিয়ে আয়ুষ্মান বা সারা কেউই কোনও মন্তব্য করেননি।

সীমান্তে গিয়ে দেশের জওয়ানদের প্রতিও শ্রদ্ধা জানান সারা। সমাজমাধ্যমে নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী। সারা লেখেন, “কী গর্বের অনুভূতি! বিএসএফের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। আপনাদের আত্মত্যাগ ও শক্তি আমাদের সকলকে অনুপ্রাণিত করে। আপনাদের কুর্নিশ।”

অন্য একটি পোস্টেও দেশের সীমান্তরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান সারা। তিনি লেখেন, “আমাদের বিএসএফ জওয়ানদের জন্য আমরা গর্বিত এবং কৃতজ্ঞ। তাঁদের প্রতিদিনের শক্তি ও আত্মত্যাগ আমাদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করে। দেশের এই বীরদের কুর্নিশ।”

প্রচারের দিন ওয়াঘা সীমান্তে যাওয়ার আগে অমৃতসরে স্বর্ণমন্দিরেও গিয়েছিলেন সারা ও আয়ুষ্মান। সেখানে প্রার্থনা করতে করতে কান্নায় ভেঙে পড়েছিলেন সারা। সেই ভিডিয়োও ছড়িয়ে পড়েছিল।

উল্লেখ্য, আকাশ কৌশিকের পরিচালিত ছবিতে রয়েছেন আয়ুষ্মান খুরানা ও সারা অলী খান। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গুলশন গ্রোভার ও রাহুল বসুকেও। ছবিটি স্পাই-কমেডি ঘরানার। অর্থাৎ গুপ্তচরের কাহিনির সঙ্গে মিশেছে হাস্যরস। পরিচালকের এটি প্রথম ছবি।

Sara Ali Khan Ayushmann Khurrana Wagah India Pakistan Border Film Promotion Atif Aslam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy