Advertisement
E-Paper

‘আমার কথা তো শুনছই না’! ভরা অনুষ্ঠানে স্ত্রীকে হঠাৎ কেন এ কথা বললেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী?

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানে কথা বলছেন পঙ্কজ। দর্শকাসনে বসে তাঁর স্ত্রী মৃদুলা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ১৭:৩৬
পঙ্কজ ও মৃদুলার দাম্পত্যের নানা মুহূর্ত দেখে মুগ্ধ হন অনুরাগীরা।

পঙ্কজ ও মৃদুলার দাম্পত্যের নানা মুহূর্ত দেখে মুগ্ধ হন অনুরাগীরা। ছবি: সংগৃহীত।

স্ত্রী মৃদুলা ত্রিপাঠীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে বরাবরই খোলামেলা পঙ্কজ ত্রিপাঠী। স্কুলজীবনের প্রেম থেকে দাম্পত্য— ২৫ বছরের এই সফরের নানা মুহূর্ত মাঝেমধ্যে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অভিনেতা। এ বারও তেমনই এক মিষ্টি মুহূর্তের সাক্ষী হলেন দর্শক। অনুষ্ঠানের মঞ্চে কথা বলছেন পঙ্কজ। তার মাঝে দর্শকাসনে স্ত্রীকে ফোনে ব্যস্ত দেখে মজার ছলে কী বললেন অভিনেতা?

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’-এর অনুষ্ঠানে কথা বলতে দেখা যাচ্ছে পঙ্কজকে। দর্শকাসনে ছিলেন তাঁর স্ত্রী মৃদুলা। তবে অভিনেতার বক্তব্যের মাঝেই ফোনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। বিষয়টি নজরে পড়তেই মজার ছলে স্ত্রীকে প্রশ্ন করেন যে, তিনি কাকে এতক্ষণ ধরে মেসেজ করছেন। অভিনেতাকে বলতে শোনা যায়, ‘‘তুমি কার জন্য এতক্ষণ ধরে কী ‘টাইপ’ করে যাচ্ছ? আমার নজর তো ওদিকেই চলে যাচ্ছে। আমি কথা বলে যাচ্ছি আর দেখছি, তুমি আমার কথা শুনছই না!’’

এর পর মজা করে তিনি জানতে চান, ‘‘আমি যা বলছি, তুমি কি সেটাই লিখছ?’’ কিছুক্ষণ পরে অবশ্য পঙ্কজ বুঝতে পারেন, সম্ভবত তাঁদের মেয়ে ফোনের ওপারে রয়েছেন। তখন স্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘ওকে বলো, ওর বাবার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে।’’

এর পরেই মুহূর্তটিকে তাঁদের ২৫ বছরের দাম্পত্য এবং বন্ধুত্বের প্রসঙ্গে নিয়ে যান অভিনেতা। স্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘২৫ বছর আগে আমি এই সুন্দরী মহিলাকে বিয়ে করেছিলাম। আর আমি সবসময় ওঁর মুখের দিকে তাকাই, আমি কী বলছি, তাতে ওঁর কী প্রতিক্রিয়া হচ্ছে, সেটা দেখি। কিন্তু কিছুক্ষণ ধরে দেখছি, তিনি ক্রমাগত নিজের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছেন।’’

পঙ্কজের এই মজার অভিযোগ শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শকও হেসে ওঠেন। পরে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্কের এই সহজ-সরল বন্ধুত্বপূর্ণ সমীকরণে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। এক জন লিখেছেন, ‘‘এই বন্ধুত্বটাই তাঁদের অসাধারণ সম্পর্কের ভিত্তি।’’ অন্য এক নেটাগরিকের মন্তব্য, ‘‘সমাজমাধ্যমে আজ আমার দেখা সবচেয়ে মিষ্টি মুহূর্ত!’’

হিন্দি সিনেদুনিয়ার তারকা অভিনেতা পঙ্কজ। তবে এই জায়গায় পৌঁছোতে দীর্ঘ লড়াই করতে হয়েছে তাঁকে। সেই কঠিন সময়ে আর্থিক এবং মানসিক— উভয়তই অভিনেতার পাশে ছিলেন তাঁর স্ত্রী। আগের এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি প্রায় কোনও উপার্জনই করতে পারেননি। সেই সময়ে সংসারের সমস্ত খরচের দায়িত্ব নিয়েছিলেন মৃদুলা।

কাজের দিক থেকে এ বার বহু প্রতীক্ষিত চরিত্রে ফিরতে চলেছেন পঙ্কজ। জনপ্রিয় ‘মির্জ়াপুর’ ফ্র্যাঞ্চাইজ়ির নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Pankaj Triapthi Mridula Tripathi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy