টলিপাড়ার আলোচিত নায়ক তিনি। ঝুলিতে তাঁর ছবির সংখ্যাও নেহাত কম নয়। আগে তাঁর দাপটে নাকি রীতিমতো তটস্থ থাকতে হত অনেককে। শোনা যায়, কিছু বিনিয়োগকারীকে নিজের ক্ষমতার ভয়ও দেখিয়েছিলেন। কিন্তু এখন নাকি প্রবল সমস্যায় পড়েছেন অভিনেতা।
শোনা যাচ্ছে, এখন একেবারে উল্টে গিয়েছে পরিস্থিতি। ঝুলিতে না আছে তেমন কোনও ছবি, না আছে তেমন কোনও বড় সংস্থার কাজ। তাই নাকি নিজেই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করছেন। কাজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এমনকি আর্থিক সাহায্যও নাকি তিনি চেয়েছেন কিছু জনের কাছে। কিন্তু তাতেও নাকি খুব একটা লাভ করতে পারছেন না। ফলে কপালে রীতিমতো চিন্তার ভাঁজ।
এক দিকে পরিবার, অন্য দিকে কর্মজীবনের টালমাটাল পরিস্থিতি, সবকিছু নিয়ে খুবই সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন অভিনেতা। একদিন নাকি নিজের টিমের সঙ্গে তর্কবিতর্কও হয়েছে তাঁর। ঘনিষ্ঠমহলে নিজের আর্থিক টানাটানি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত নাকি কোনও সুরাহা মেলেনি। শুধু তা-ই নয়, শোনা যাচ্ছে, বাজারে কিছু ঋণও রয়েছে তাঁর। মাঝে অনেক দিন অভিনয় থেকে দূরে ছিলেন। এখন পরিস্থিতি সামাল দিতে নাকি নতুন করে অভিনয় করতেও রাজি তিনি। তাই ভাল কাজ পাওয়ার আশায় একাধিক প্রযোজকের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করছেন।