Advertisement
E-Paper

ইদের ময়দানে মুখোমুখি সলমন-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত!

সলমনের নতুন ছবির পরিচালক বামশী পৈডিপল্লী। দিল রাজুর প্রযোজনায় তৈরি এই ছবির আপাতত নাম ‘এসভি৬৩’। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। কিন্তু প্রভাসের ছবি আসছে ২০২৭ সালের ইদেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৬ ১৪:৩০
বক্সঅফিসে এ বার সলমন বনাম প্রভাস!

বক্সঅফিসে এ বার সলমন বনাম প্রভাস! ছবি: সংগৃহীত।

ইদ মানেই সলমন খান। হিন্দি ছবির দর্শকের কাছে গত দেড় দশকেরও বেশি সময় ধরে এই সমীকরণ প্রায় অভ্যাসে পরিণত হয়েছিল। সেই চেনা ছন্দেই ফিরতে চলেছেন ভাইজান। কিন্তু এ বার তাঁর সামনে শুধু কোনও বলিউড তারকা নন, রয়েছেন দক্ষিণী ছবির অন্যতম বড় নাম প্রভাস। ২০২৭-এর ইদ তাই হয়ে উঠতে পারে দুই তারকার বক্সঅফিস লড়াইয়ের মঞ্চ।

সলমনের নতুন ছবির পরিচালক বামশী পৈডিপল্লী। দিল রাজুর প্রযোজনায় তৈরি এই ছবির আপাতত নাম ‘এসভি৬৩’। ছবিটির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে লক্ষ্য আগামী বছরের ইদ, জল্পনা তেমনই। আর সেখানেই তৈরি হয়েছে সংঘাতের সূত্র।

সলমনের ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে ঈদেই আসছেন প্রভাস।

সলমনের ছবির মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে ঈদেই আসছেন প্রভাস। ছবি: সংগৃহীত।

কারণ, প্রভাসের ‘স্পিরিট’ ছবিটি মুক্তির দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে। ২০২৭ সালের ৫ মার্চ মুক্তি পাওয়ার কথা এই ছবি। এর মধ্যেই ছড়িয়ে পড়েছিল একটি খবর—সলমনের ছবির সঙ্গে সংঘাত এড়াতে ‘স্পিরিট’ নাকি পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ ইদের মাঠ ছেড়ে অন্য কোনও তারিখ বেছে নিতে চলেছে প্রভাসের ছবি। কিন্তু সেই জল্পনায় আপাতত ইতি টেনেছে টি-সিরিজ়। প্রযোজনা সংস্থার দাবি, ‘স্পিরিট’-এর মুক্তির তারিখ বদলাচ্ছে না। নির্ধারিত সূচি মেনেই ৫ মার্চ ২০২৭ সালে ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে।

‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিবেক ওবেরয়কেও। তবে ছবির গল্প নিয়ে নির্মাতারা এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আনেননি।

অন্য দিকে, ইদের সঙ্গে সলমনের সম্পর্ক দীর্ঘ দিনের। ‘ওয়ান্টেড’, ‘দবাং’, ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গী ভাঈজান’-এর মতো একাধিক ছবির সাফল্য এই উৎসবের সঙ্গে তাঁর নামকে আরও শক্ত করে জুড়ে দিয়েছে।

তবে সলমনের ছবি ইদে আসবে কি না, এখনও সেই উত্তর অজানা। সলমনের ছবির নির্দিষ্ট মুক্তির তারিখ ঘোষণা হয়নি। ফলে সংঘাতের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই শেষমুহূর্তে কোনও একটি ছবি তারিখ বদলাতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Salman Khan Prabhas Bollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy