অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের সম্পর্ক অনেক দম্পতিদের কাছে অনুপ্রেরণা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন, তাঁর ভারতীয় সংস্কৃতি ও শিকড়কে নিক যে ভাবে সম্মান করেন, সেটিই তাঁদের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
প্রিয়ঙ্কার কথায়, নিক যদি তাঁর সংস্কৃতিকে সম্মান না করতেন, তা হলে হয়তো তাঁদের সম্পর্কই তৈরি হত না। তাঁর মতে, ভিন্ন সংস্কৃতির দু’জন মানুষের সম্পর্কে, একে অপরের শিকড়, ঐতিহ্য ও বিশ্বাসের প্রতি সম্মান থাকা অত্যন্ত জরুরি। একই সঙ্গে নিক কী ভাবে তাঁদের প্রেমের উষ্ণতা ধরে রাখেন, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, যে কোনও সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির অন্যতম হল পরস্পরের প্রতি সদয় থাকা।
নিকের নতুন অ্যালবাম নিয়েও উচ্ছ্বসিত প্রিয়ঙ্কা। তাঁর মতে, নিজের মনের এত গভীরে গিয়ে অনুভূতিগুলিকে গানের মাধ্যমে প্রকাশ করতে যথেষ্ট আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা প্রয়োজন। নিক যে ভাবে নিজের অনুভূতিগুলিকে সকলের সামনে তুলে ধরেছেন, তাতেই গর্বিত প্রিয়ঙ্কা।
এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে অভিনেত্রীর। এসএস রাজামৌলীর ‘বারাণসী’ ছবিতে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে দেখা যাবে তাঁকে। ২০২৭ সালের সংক্রান্তিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির। এই ছবির মাধ্যমেই তেলুগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে চলেছে প্রিয়ঙ্কার। পাশাপাশি ‘সিটাডেল’-এর দ্বিতীয় মরসুমেও দেখা যাবে নায়িকাকে।