Advertisement
E-Paper

শূর্পণখাকে সকলে ভুল বুঝেছে, এই ছবিতে নতুন ভাবে তাকে আবিষ্কার করা যাবে: রকুল প্রীত

এক সাক্ষাৎকারে রকুল জানিয়েছেন, দু’টি কারণে এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথমত, ছবির বিপুল আয়োজন এবং আন্তর্জাতিক মঞ্চে যে ভাবে ছবিটিকে তুলে ধরা হচ্ছে। দ্বিতীয়ত, শূর্পণখার মতো জটিল চরিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৮:২৯
শূর্পণখা চরিত্র নিয়ে কী বললেন রকুল?

শূর্পণখা চরিত্র নিয়ে কী বললেন রকুল? ছবি: সংগৃহীত।

রামায়ণের গল্পে শূর্পণখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। অথচ এত দিন তাঁকে মূলত রাবণের বোন এবং রাম-লক্ষ্মণের কাছে প্রত্যাখ্যাত এক নারী হিসাবেই দেখে এসেছেন দর্শক। সেই পরিচিত ধারণা ভেঙে শূর্পণখাকে নতুন ভাবে তুলে ধরেছেন বলে জানান অভিনেত্রী রকুল প্রীত সিংহ। নীতেশ তিওয়ারীর আগামী ছবি ‘রামায়ণ’-এ এই চরিত্রেই দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর দাবি, শূর্পণখা মহাকাব্যের এমন একটি চরিত্র, যাঁকে যুগে যুগে ভুল বুঝে আসা হয়েছে। আসলে শূর্পনখার চরিত্রটি বহুস্তরীয়।

এক সাক্ষাৎকারে রকুল জানিয়েছেন, দু’টি কারণে এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রথমত, ছবির বিপুল আয়োজন এবং আন্তর্জাতিক মঞ্চে যে ভাবে ছবিটিকে তুলে ধরা হচ্ছে। দ্বিতীয়ত, শূর্পণখার মতো জটিল চরিত্র। রকুলের কথায়, “এই ছবিতে দু’টি বিষয় আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল। প্রথমত, আন্তর্জাতিক স্তরে ভারতের ইতিহাস ও আমাদের নিজস্ব কাহিনি তুলে ধরার সুযোগ পাওয়া যাবে। দ্বিতীয়ত, শূর্পণখা এমন একটি চরিত্র যাতে অত্যন্ত ভুল বোঝা হয়েছে। রামায়ণের যুদ্ধের সূত্রপাতের নেপথ্যেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমন একটি চরিত্রে অভিনয় করা আমার কাছে বেশ আকর্ষণীয়।”

এর আগে সমাজমাধ্যমেও শূর্পণখার চরিত্র নিয়ে নিজের মত জানিয়েছিলেন রকুল। এক অনুরাগী তাঁকে চিঠি লিখে এই চরিত্রে অভিনয়ের বিষয়ে জানতে চেয়েছিলেন। সেই চিঠি নিজের সমাজমাধ্যমে তুলে ধরে অভিনেত্রী লিখেছিলেন, “ইতিহাস তাঁকে একটি বিশেষ ঘটনার জন্যই মনে রেখেছে। অথচ তাঁর গল্পে আরও অনেক দিক রয়েছে। অভিনেত্রী হিসেবে এমন চরিত্রই আমাকে বেশি আকর্ষণ করে। আশা করি, ‘রামায়ণ’ মুক্তি পেলে দর্শকও শূর্পণখাকে নতুন করে আবিষ্কার করবেন।”

‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে রণবীর কপূর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ এবং হনুমানের চরিত্রে সনী দেওল অভিনয় করছেন।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ছবিটির বিশেষ প্রদর্শন ছিল। আগামী ৫ নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর। ছবির দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।

Ramayana Rakul Preet Singh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy