Advertisement
E-Paper

‘আমি নিজেকে বদলাতে পারব না’! শ্রেয়ার গালে অতর্কিতে চুম্বন, বিতর্কে অবশেষে মুখ খুললেন রাম

জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরার গালে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা রাম কপূর। সেই প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৬ ১৭:৩৪
চুম্বন বিতর্কে মুখ খুললেন রাম কপূর।

চুম্বন বিতর্কে মুখ খুললেন রাম কপূর। ছবি: সংগৃহীত।

অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুম্বন রাম কপূরের! রিয়্যালিটি শোয়ের সেই মুহূর্তকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন অভিনেতা রাম। ওই ঘটনার পর শ্রেয়া অভিযোগ করেছিলেন, তাঁর ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন রাম। তবে অভিনেতার দাবি, পরে শ্রেয়া নিজেই তাঁকে জানিয়েছিলেন যে, তিনি কোনও খারাপ উদ্দেশ্যে এমন মন্তব্য করেননি এবং গোটা বিষয়টিই ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই প্রসঙ্গে কথা বলেন রাম। তাঁর কথায়, “ও আমার সঙ্গে অনেক বার চ্যাট করেছে। ও বলেছে, ‘শোনো, আমি ওই রকম কিছু বোঝাতে চাইনি এবং তুমি তোমার জায়গায় একেবারে ঠিক।’ আমি সব সময় এমনই। আমার স্নেহ প্রকাশের ধরনটা অনেক সময়েই শারীরিক। কেরিয়ারের শুরু থেকেই আমি এমন। আর কী ভাবে কোনও বিষয়কে ভুল ভাবে ব্যাখ্যা করা হবে, তা ভেবে নিজেকে বদলাতে যাব না। এ সব নিয়ে আমি মাথাই ঘামাই না।”

তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ককেও গুরুত্ব দিতে নারাজ রাম। তাঁর কথায়, এই ধরনের আলোচনা তাঁকে প্রভাবিত করে না। বিনোদনজগতে দীর্ঘ কেরিয়ারের প্রসঙ্গ তুলে অভিনেতার মন্তব্য, এত বছর কাজ করার পরেও তাঁর সঙ্গে কাজ করা কোনও মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেননি— এটাই তাঁর কাছে গর্বের বিষয়।

রাম বলেন, “এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের কেরিয়ার। তাতে আমি খুব খুশি এবং গর্বিত যে, আমার সঙ্গে কাজ করা কোনও মহিলা কখনও আমার বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলল, তা নিয়ে আমার কিছু যায়-আসে না। আমি যেমন, তেমনই থাকব।”

তাঁকে ঘিরে চলা বিতর্কগুলিকে ‘অপ্রয়োজনীয়’ বলেও মন্তব্য করেন রাম। তাঁর কথায়, “এই ছোটখাটো বিষয়গুলো বার বার ঘটতে থাকে, এমন বিতর্ক তৈরি হয়, যেখানে প্রসঙ্গের বাইরে কথা নিয়ে যাওয়া হয়। এগুলির পিছনে আমি নিজের সময় নষ্ট করতে চাই না, কারণ জীবন খুব দ্রুত এগিয়ে যায়। যেমনটা বললাম, আমার জীবনে এত ইতিবাচক বিষয় রয়েছে, আমি সেগুলিতেই মন দিই। আর এগুলো অর্থহীন এবং সময়ের অপচয়।”

সাক্ষাৎকারে শ্রেয়ার সঙ্গে তাঁর জটিল সম্পর্ক নিয়েও মুখ খোলেন রাম। কেন দু’জনের মধ্যে প্রায়ই মতবিরোধ হত, সে বিষয়েও নিজের বক্তব্য জানান অভিনেতা। ব্যক্তিগত ভাবে শ্রেয়ার বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই বলে জানিয়ে রামের মন্তব্য, তাঁর মনে হয়, রাগ নিয়ন্ত্রণ করা এবং কথা বলার ধরন আরও সংযত করা উচিত শ্রেয়ার।

রামের কথায়, “শ্রেয়ার বিরুদ্ধে আমার ব্যক্তিগত ভাবে কোনও ক্ষোভ নেই। আমার মনে হয়, ও খুব ভাল পরিবারের মেয়ে এবং খুব ভাল মানুষ। তবে ও এখনও এমন একটা বয়সে রয়েছে, যেখানে রাগ নিয়ন্ত্রণ করা এবং একটু শান্ত হতে শেখা প্রয়োজন।”

রাম আরও দাবি করেন, তাঁদের মতবিরোধ ব্যক্তিগত কোনও কারণে ছিল না। তাঁর বক্তব্য, পুরোটাই ছিল প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই।

Ram Kapoor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy