নীতেশ তিওয়ারি পরিচালিত আসন্ন ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে রণবীর কপূরের নাম ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। প্রচার-ঝলক প্রকাশের পর অনেকেই রণবীরকে এই চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে করলেও, সংশয় কাটেনি সকলের। এ বার রণবীরকে নিয়ে আপত্তি জানালেন প্রখ্যাত পরিচালক রামানন্দ সাগরের নাতি শিব সাগর।
১৯৮৭ সালে দূরদর্শনে সম্প্রচারিত জনপ্রিয় ‘রামায়ণ’ এবং পরবর্তী কালে ‘লব-কুশ’ তৈরি করেছিলেন রামানন্দ সাগর। তাঁর নাতি শিবের মতে, ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে করা আগের চরিত্রগুলির ‘বোঝা’ রণবীরের সঙ্গে ‘রামায়ণ’-এও থেকে যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শিব বলেন, “ওই একটি কাস্টিং ছাড়া বাকি আমার খুব পছন্দ হয়েছে। ব্যক্তিগত ভাবে রণবীরকে রাম হিসাবে আমি মেনে নিতে পারছি না। ‘অ্যানিম্যাল’-এর পর তাঁকে রাম হিসাবে ভাবতে পারছি না। আমার মনে হয়, রামের মতো চরিত্রের জন্য নতুন মুখ নেওয়া উচিত ছিল।”
শিব আরও বলেন, রণবীর নিঃসন্দেহে একজন অত্যন্ত ভাল অভিনেতা এবং রণবীরের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনও সমস্যা নেই। তবে তাঁর ধারণা, ছবির প্রচার ও বিপণনের কথা ভেবেই হয়তো নির্মাতারা রণবীরকে নিয়েছেন। শিবের কথায়, “হয়তো রণবীর না থাকলে ছবিটি এত বড় আকারে বিক্রি করা যেত না। সেটাও ভাবার বিষয়। কিন্তু এমন চরিত্রের ক্ষেত্রে নতুন মুখ নেওয়াই ভাল বলে আমি মনে করি।”
অন্য দিকে, ছবির বাকি অভিনেতাদের প্রশংসা করেছেন শিব। বিশেষ করে রাবণের চরিত্রে যশ এবং সীতা হিসাবে সাই পল্লবীকে তাঁর বেশ পছন্দ হয়েছে। তবে শেষপর্যন্ত দর্শকই যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তা-ও স্বীকার করেছেন শিব। তাঁর কথায়, “জনতাই রাজা।” ছবিমুক্তির পর দর্শক যদি রণবীরকে রাম হিসাবে গ্রহণ করেন, তা হলে তাঁর ব্যক্তিগত মতামতের বিশেষ গুরুত্ব থাকবে না।
নমিত মলহোত্র প্রযোজিত দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে রণবীর ছাড়াও অভিনয় করেছেন সনী দেওল, রবি দুবে, অরুণ গোবিল প্রমুখ। প্রথম পর্বটি মুক্তি পাওয়ার কথা আগামী নভেম্বরে, আর দ্বিতীয় তথা শেষ পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে আসার কথা।