‘রামায়ণ’-এর প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় রকুল প্রীত সিংহ। রাবণের বোন শূর্পনখার চরিত্রে তাঁকে দেখে মুগ্ধ দর্শক। কয়েক সেকেন্ডের ঝলকে তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এ বার সেই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা এবং কেন তিনি শূর্পনখার ভূমিকায় রাজি হলেন, তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এক অনুরাগী রকুলকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, শূর্পনখার চরিত্রে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোন বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল। পাশাপাশি, পুরাণের এই বিতর্কিত চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ নিয়েও প্রশ্ন করেছিলেন।
জবাবে রকুল লেখেন, ‘‘এই সুন্দর চিঠির জন্য ধন্যবাদ। শূর্পনখার জটিলতাই আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। ইতিহাস অনেক সময় তাঁকে শুধু একটি ঘটনার মধ্যে দিয়েই মনে রেখেছে, কিন্তু তাঁর গল্পের আরও অনেক দিক রয়েছে। অভিনেতা হিসাবে এমন চরিত্রই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করে, যা মানুষের প্রচলিত ধারণাকে প্রশ্ন করে।’’
তিনি আরও জানান, দর্শক যেন ‘রামায়ণ’ মুক্তির পরে শূর্পনখাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখেন, সেটাই তাঁর আশা। তাঁর কথায়, চরিত্রটিকে খোলা মনে আবিষ্কার করার সুযোগ দর্শককে দেওয়া উচিত।
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘রামায়ণ’-এর প্রথম পর্বের প্রচার ঝলক। তার পর থেকেই সমাজমাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কপূর, সাই পল্লবী এবং যশ। রাম, সীতা ও রাবণের চরিত্রে তাঁদের নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনই নজর কেড়েছে পার্শ্বচরিত্রগুলির নির্বাচনও।
আরও পড়ুন:
প্রচার ঝলক প্রকাশের পরে ছবির বিশাল সেট, ভিএফএক্স এবং যশের রাবণ রূপের প্রশংসা করেছেন অনেকেই। তবে রাম ও সীতার চরিত্রে রণবীর ও সাই পল্লবীর নির্বাচন নিয়ে কিছু দর্শকের প্রশ্নও রয়েছে। বিতর্কের মধ্যেই বড়পর্দায় ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
দুই পর্বে মুক্তি পাবে ‘রামায়ণ’। প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা চলতি বছরের দীপাবলিতে। দ্বিতীয় ভাগ মুক্তি পাবে আগামী বছরের কোনও এক উৎসবের সময়। বিপুল বাজেটের এই ছবিতে প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ হয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে বক্সঅফিসে ছবিটির সাফল্য নির্মাতাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।