Advertisement
E-Paper

‘বড্ড কথা বলছিস’! আলিয়া-ভিকির সঙ্গে ছবি তুলতে গিয়ে মেজাজ হারালেন রণবীর, কার উপরে রাগ?

সম্প্রতি বহু প্রতীক্ষিত ‘লভ অ্যান্ড ওয়র’ ছবির তিন মুখ্য চরিত্রের ‘লুক’ প্রকাশ্যে এসেছে। তার পরেই শনিবার মুম্বইয়ের এক রেস্তরাঁয় তাঁদের একসঙ্গে দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১১
কার উপরে চটলেন রণবীর, কেন?

কার উপরে চটলেন রণবীর, কেন? ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে একসঙ্গে দেখা গেল সঞ্জয় লীলা ভন্সালীর পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়র’-এর তিন তারকাকে। ‘রামায়ণ’ ছবির একটি অনুষ্ঠানের পর শনিবার রাতে স্ত্রী আলিয়া ভট্ট ও সহ-অভিনেতা ভিকি কৌশল এবং পরিচালক ভন্সালীর সঙ্গে দেখা যায় রণবীর কপূরকে। একটি রেস্তরাঁর বাইরে ছবিশিকারিদের জন্য একসঙ্গে পোজ়ও দেন তাঁরা। তবে ছবি তোলার পর্বের শেষ দিকে এক চিত্রগ্রাহক বার বার রণবীরকে ডাকতে থাকায় ক্ষণিকের জন্য মেজাজ হারান তিনি।

সেই মুহূর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় রেস্তরাঁর বাইরে রণবীর, আলিয়া, ভিকি এবং ভন্সালীকে একসঙ্গে পোজ় দিতে দেখা যায়। রণবীরের পরনে ছিল সবুজ রঙের ছোট কুর্তা ও কালো জিন্‌স। আলিয়া পরেছিলেন নিয়ন সবুজ রঙের পোশাক। ভিকির পরনে ছিল সাদা শার্ট ও কালো ট্রাউজ়ার।

একসময় ভন্সালীকে ফ্রেমের বাইরে সরে যেতে দেখা যায়। সম্ভবত রণবীর, আলিয়া ও ভিকিকে একসঙ্গে ছবি তোলার সুযোগ করে দিতেই তিনি সরে যাচ্ছিলেন। কিন্তু রণবীর পরিচালককে ফিরে এসে তাঁদের সঙ্গে ছবি তুলতে বলেন। এর পর সকলে ছবি তোলার পর্ব শেষ করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় করেন। রণবীর যেই এগোতে শুরু করেন, তখন এক চিত্রগ্রাহক তাঁকে বার বার ডাকতে থাকেন এবং আলিয়া ও ভিকির সঙ্গে ফের পোজ় দেওয়ার অনুরোধ করেন। তাতেই খানিক বিরক্ত হন রণবীর। পিছন ফিরে ওই ছবিশিকারির উদ্দেশে বলেই ফেলেন, “বড্ড বেশি কথা বলছিস তুই”!

রণবীরের এই সংক্ষিপ্ত মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুরাগী ও নেটাগরিকদের একাংশ প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ তাঁর ব্যবহারে ক্ষোভপ্রকাশ করেছেন, কারও মতে রণবীরের বিরক্তি স্বাভাবিক। ওই রেস্তরাঁ থেকে বেরোনোর সময়ে, ভিড় বাঁচিয়ে স্ত্রীকে আগলে গাড়িতে তুলতে দেখা যায় রণবীরকে।

‘লভ অ্যান্ড ওয়র’-এর গল্প নিয়ে নির্মাতারা এখনও বিশেষ কিছু প্রকাশ্যে আনেননি। তবে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ছবিটি একটি ‘পিরিয়ড রোম্যান্টিক ওয়র ড্রামা’। এর আগে নির্মাতাদের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল, রণবীর ও ভিকি ভারতীয় বায়ুসেনার দুই অফিসারের চরিত্রে অভিনয় করবেন। তাঁদের জীবন আলিয়ার চরিত্রের সঙ্গে জড়িয়ে পড়বে এবং যুদ্ধের পটভূমিতে তৈরি হবে ত্রিকোণ প্রেমের গল্প। ভন্সালী এবং ইলা বেদী দত্তের লেখা এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সুপ্রিয়া পাঠকও। ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটি।

Ranbir Kapoor Alia Bhatt Vicky Kaushal Sanjay Leela Bhansali

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy