শাহরুখ খানের ‘কিং’ ছবি তারকাখচিত। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি নিয়ে তাই ইতিমধ্যেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ছবিতে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, সুহানা খান, অনিল কপূর, জ্যাকি শ্রফ-সহ আরও অনেকে। কয়েক মাস আগে খবর ছড়িয়েছিল, ছবিতে সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে রানিকে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, রানি এবং অভিষেকের অনুরাগীদের জন্য বড় চমক রয়েছে ছবিতে।
শোনা যাচ্ছে, ‘কিং’ ছবিতে ১৯ বছর পর ফের নাকি একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে রানি মুখোপাধ্যায় এবং অভিষেক বচ্চনকে। ছবিতে তাঁদের জুটি হিসাবেই দেখা যেতে পারে বলে খবর। পাশাপাশি, এই ছবির মাধ্যমেই ২০ বছর পরে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন রানি এবং শাহরুখ খান। এর আগে ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘কভী অলবিদা না কহনা’ ছবিতে শেষ বার একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সেই ছবিতে ছিলেন অভিষেকও।
আরও পড়ুন:
‘কিং’ নিয়ে এর আগে একাধিক খবর প্রকাশ্যে এসেছে। তবে এখনও পর্যন্ত কোনও খবরেই পড়েনি সিলমোহর। তাই রানি ও অভিষেকের পর্দার জুটি ফেরে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে ছবির মুক্তি পর্যন্ত।
কয়েক দিন আগে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। দাবি করা হয়, সেটি ‘কিং’ ছবির একটি দৃশ্য। তবে অনুরাগীরা দ্রুত বুঝিয়ে দেন, ভিডিয়োটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এর আগে অবশ্য ‘কিং’-এর শুটিংয়ের কিছু ভিডিয়ো সত্যিই ফাঁস হয়েছিল। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ছবির শুটিংয়ের সময় শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল।
২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি এটি। তাই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহও তুঙ্গে। তবে ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও এর আগে খবর ছড়িয়েছিল। কারণ, ‘কিং’-এর মাত্র এক সপ্তাহ আগে, ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ‘অ্যাভেঞ্জার্স: ডুমস্ডে’-র। যদিও এখনও পর্যন্ত ‘কিং’-এর মুক্তির তারিখ বদল নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।