বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা বর্তমানে ব্যস্ত তাঁদের নতুন ছবি ‘রণবলী’-র মুক্তি নিয়ে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। তার আগে হায়দরাবাদে ছবির প্রচারে গিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করলেন রশ্মিকা। সেই সাক্ষাতের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তবে একটি ভিডিয়ো বিশেষ ভাবে নজর কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে এক কোলের শিশুকে দেখে আপ্লুত অভিনেত্রী। সেই খুদের নাকের নীচে আবার বিজয়ের মতো ছোট্ট গোঁফ।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারতীয় পোশাকে সেজেছেন অভিনেত্রী। তাঁর পরনে হালকা বেগনি রঙের সালোয়ার কামিজ়। কোলে ছোট্ট একটি শিশুকে নিয়ে আদর করছেন তিনি। শিশুটির মুখে রয়েছে বিজয়ের ‘রণবলী’ ছবির চরিত্রের আদলে গোঁফ। তা দেখেই যেন আনন্দে আত্মহারা রশ্মিকা। শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন রশ্মিকা। সেই সঙ্গে বলতে থাকেন, “কী মিষ্টি!”
‘রণবলী’-র জন্য অপেক্ষা করছেন রশ্মিকা ও বিজয়। ছবি: সংগৃহীত
ছবির প্রচারের মাঝে এমন মুহূর্ত অনুরাগীদের মন জয় করেছে। শিশুটির নাকের নীচে বিজয়ের চরিত্রের মতো গোঁফ যেন ছবির প্রচারকে আরও মজার করে তোলে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই রশ্মিকার আচরণ দেখেও মুগ্ধ অনুরাগীরা। এক অনুরাগী লিখেছেন, “রশ্মিকা মন্দানা খুব সুন্দরী। এত বড় তারকা হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে কোনও অহঙ্কার নেই।” অন্য এক জনের মন্তব্য, “এ যেন আমি রশ্মিকার ভবিষ্যৎ দেখছি। ওকে মা হিসাবে খুব মিষ্টি লাগবে।” বাচ্চাটিকে দেখে আবার অনেকে লিখেছেন, “এ তো ছোট্ট ‘রণবলী’!”
রশ্মিকা ও বিজয়ের অনুরাগীদের কাছে এই মুহূর্ত আরও বিশেষ হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে দু’জনে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে তাঁদের দেখতে ভিড় জমান অনুরাগীরা। ভিড়ের মধ্যে স্ত্রীকে আগলে রাখতে দেখা যায় বিজয়কে।
বিজয় ও রশ্মিকার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই কৌতূহল রয়েছে অনুরাগীদের। ‘রণবলী’ মুক্তি পাবে তেলুগু, তামিল, হিন্দি, মলয়ালম ও কন্নড় ভাষায়।
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছেন বিজয় ও রশ্মিকা। উদয়পুরে বসেছিল তাঁদের বিয়ের আসর। পরে হায়দরাবাদে তাঁরা প্রীতিভোজের আয়োজন করেছিলেন।