‘বিগ বস্’-এর নতুন সিজ়ন ঘিরে জল্পনা তুঙ্গে। কোন কোন তারকা এ বার ঘরে ঢুকবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। এর মধ্যেই দর্শকের সামনে নতুন ‘বরদান’ নিয়ে হাজির সঞ্চালক সলমন খান। রিয়া আহির না কি লভ গিল— দু’জনের মধ্যে যাঁর পক্ষে বেশি ভোট পড়বে, ‘বিগ বস্ ২০’-এর ঘরে জায়গা হবে তাঁরই। অর্থাৎ এই দুই প্রতিযোগীর মধ্যে এক জনের প্রবেশ নিশ্চিত।
‘বিগ বস্ ২০’-এর নতুন প্রোমো ভিডিয়োয় সলমন স্পষ্ট করে দেন, এই সিজ়নে দর্শকের মতামতেরও বিশেষ গুরুত্ব রয়েছে। গত সিজ়নেও এই পদ্ধতি দেখা গিয়েছিল। সে বার বিষয়স্রষ্টা মৃদুল তিওয়ারী এবং শেহবাজ় বদেশার মধ্যে যে কোনও এক জনকে দর্শকদের ভোট দিতে বলা হয়েছিল। শেষ পর্যন্ত বেশি ভোট পেয়ে মৃদুল মূল প্রতিযোগী হিসাবে ঘরে ঢোকেন। তবে তৃতীয় সপ্তাহে ‘ওয়াইল্ডকার্ড’ হিসাবে শেহবাজ়ও সেই শোয়ে যোগ দেন।
এ বার লড়াই রিয়া আহির এবং লভ গিলের মধ্যে। জিয়ো হটস্টার অ্যাপে পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারবেন দর্শক। যাঁর ঝুলিতে বেশি ভোট আসবে, ‘বিগ বস্ ২০’-এর ঘরে প্রতিযোগী হিসাবে প্রবেশ করবেন তিনিই। রিয়া আহির ইতিমধ্যেই বার বার খবরে উঠে আসছেন।
আরও পড়ুন:
২৭ বছরের মডেল রিয়া আহির সম্প্রতি সমাজমাধ্যমে আলোচনায় এসেছেন। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় থেকে জনপ্রিয়তা পান তিনি। মুম্বইয়ে আন্দোলনরত পড়ুয়াদের পর পর ভ্যানে তুলে আটক করে পুলিশ। তখন সেই ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন রিয়া। দাবি করেন, অবিলম্বে পড়ুয়াদের ছাড়তে হবে। শিবাজী পার্কের কাছে পুলিশ ভ্যানের সামনে রিয়ার দাঁড়িয়ে থাকার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
বাইরে থেকে শান্ত দেখালেও ভিতরে ভিতরে তিনি খুবই ভয় পেয়েছিলেন বলে জানিয়েছিলেন রিয়া। তাঁর কথায়, তিনি ভিতরে ভিতরে কাঁপছিলেন। তবুও তিনি ভ্যানের সামনে দাঁড়িয়ে ছিলেন সাহস করে। শেষ পর্যন্ত, পুলিশ আন্দোলনকারীদের ছেড়ে দেয়। ঘটনার কথা বলতে গিয়ে রিয়া জানিয়েছিলেন, তিনি কোনও পরিকল্পনা করে এগিয়ে যাননি। পরিস্থিতি দেখে তাৎক্ষণিক ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর আশঙ্কা ছিল, আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হলে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে এবং দীর্ঘ সময় আটক থাকতে হতে পারে। একজন নাগরিক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন বলেই মনে করেন তিনি।
ঘটনার পরে নিজের ইনস্টাগ্রামে সেই ছড়িয়ে পড়া ছবিটি ভাগ করে নিয়েছিলেন। রিয়া আহির পেশায় অভিনেত্রী, মডেল, সঞ্চালক এবং উদ্যোক্তা। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে মত প্রকাশ করার জন্যও তিনি পরিচিত।
রিয়া ও লভ ছাড়াও ‘বিগ বস্ ২০’-তে থাকতে পারেন নিয়া শর্মা, অর্জুন বিজলানী, কর্ণ পটেল এবং জন্নত জ়ুবের।