‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাধারণত প্রতিযোগীদের চোখ থাকে পুরস্কারের অঙ্কে। লাখ, কোটি— সংখ্যা যত বাড়ে, উত্তেজনাও তত ছড়ায়। কিন্তু সইফ আলি খানের ক্ষেত্রে হিসাবটা বোধ হয় একটু অন্য রকম! কোটি টাকার পুরস্কারের কথা ছাপিয়ে তাঁর নজর আটকে গেল এমন এক জিনিসে, যা শুনলে বাঙালিরও বেশ মন ভাল হয়ে যেতে পারে। সেটি হল ঘি!
‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বিশেষ পর্বে অক্ষয় কুমারের সঙ্গে হাজির হয়েছিলেন সইফ। তাঁদের নতুন ছবি ‘হাইওয়ান’-এর প্রচারেই এই বিশেষ উপস্থিতি। অমিতাভ বচ্চনের সঙ্গে কথাবার্তা, প্রশ্নোত্তর— সব মিলিয়ে জমজমাট পর্ব। তার মধ্যেই পুরস্কারের প্রসঙ্গে উঠে আসে দু’বছরের ঘি জোগানের কথা।
খেলায় মজে সইফ। ছবি: সংগৃহীত।
আর সেই কথা কানে যেতেই সইফের প্রতিক্রিয়া নজর কাড়ে। দু’বছরের ঘি! শুনেই যেন বেশ খুশি অভিনেতা। তাঁর উৎসাহ দেখে মজার আবহ তৈরি হয় মঞ্চে। অক্ষয়ের সঙ্গে তাঁর রসায়নেও সেই মুহূর্ত আরও জমে ওঠে।
সইফের এই প্রতিক্রিয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমেও শুরু হয়েছে নানা রকম রসিকতা। বলিউডের অন্যতম পরিচিত ‘নবাব’— অথচ তাঁর নজর কোটি টাকার বদলে রান্নাঘরের এমন এক সামগ্রীতে! ফলে অনুরাগীদের একাংশের কাছে মুহূর্তটি বেশ মজার হয়ে উঠেছে।
তবে সইফের রসবোধের সঙ্গে এই স্বতঃস্ফূর্ততাও নতুন নয়। প্রচারের মঞ্চে হোক বা সাক্ষাৎকারে, মাঝেমধ্যেই এমন অকপট মন্তব্য করে নজর কাড়েন অভিনেতা। এ বার ‘কেবিসি’-র মঞ্চে দু’বছরের ঘিয়ের প্রসঙ্গেও সেই মজার সইফকেই দেখা গেল।
অন্য দিকে, ‘হাইওয়ান’ ছবির। মাধ্যমে বহু বছর পর ফের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে অক্ষয় ও সইফকে। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। ছবির প্রচারে তাঁদের উপস্থিতির পাশাপাশি এ বার ‘কেবিসি’-র মঞ্চে সইফের ঘি-প্রীতিও হয়ে উঠেছে আলোচনার বিষয়। কোটি টাকার অঙ্ক নয়, আপাতত দু’বছরের ঘিয়েই যে নবাবের মন গলেছে!