Advertisement
E-Paper

ওজন ঝরেছে, চোখেমুখে ক্লান্তি স্পষ্ট, গুরুতর অসুস্থ সলমন? মুম্বইয়ের অনুষ্ঠানের ভিডিয়ো ছড়াতেই উদ্বিগ্ন অনুরাগীরা

দিনকয়েক আগেও সলমন খানের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়তে, এ ভাবেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। সেই দুশ্চিন্তা যেন আরও বাড়ল সলমনের সাম্প্রতিক ভিডিয়ো ছড়াতেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ১৬:২১
সলমন খান কি সত্যিই অসুস্থ?

সলমন খান কি সত্যিই অসুস্থ? ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র দফতরে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা সলমন খান। সেখানে সংস্থার নতুন ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর (আইটি সার্ভার রুম) উদ্বোধন করেন তিনি। তবে অনুষ্ঠানশেষে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কেমন আছেন অভিনেতা? তিনি কি সত্যিই খুব অসুস্থ? চিন্তায় তারকার অনুরাগীরা।

অনুষ্ঠানের যে ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে, সেখানে সলমনকে দেখে অনেক অনুরাগীরই বলছেন, অভিনেতাকে বেশ ক্লান্ত এবং অবসন্ন লাগছিল। সমাজমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাঁর শরীর ঠিক আছে তো? অনুরাগীদের মতে, বেশ খানিকটা ওজন ঝরেছে অভিনেতার। সেই সঙ্গে মুখ যেন ফ্যাকাশে। এক নেটাগরিক লেখেন, “সলমন খানের শরীর ঠিক আছে তো?” আর এক জনের মন্তব্য, “সলমনকে তো এখানে কোনও ভাবেই সলমনের মতো লাগছে না।” অন্য এক নেটাগরিক লেখেন, “ওঁকে অসুস্থ মনে হচ্ছে। ঈশ্বর ওঁকে সুস্থ রাখুন।” আবার কারও মন্তব্য, “মনে হচ্ছে কোনও শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।” এক জন লেখেন, “সলমনকে দেখে মনে হচ্ছে, নিয়মিত শারীরচর্চা ছেড়ে দিয়েছেন তিনি। তাঁর শরীর ঠিক আছে তো?”

তবে সকলেই যে উদ্বেগ প্রকাশ করেছেন, তা নয়। অনেকেই মনে করিয়ে দিয়েছেন, শুধুমাত্র একটি ভিডিয়ো দেখে কোনও মন্তব্য করা উচিত নয়। এক নেটাগরিক লেখেন, “৬০ বছর বয়সে এক জন মানুষকে এমনই দেখতে হয়। উপরন্তু, তাঁর শারীরিক অবস্থাও সহজ নয়।” আর এক জনের মতে, “সলমন নিজেই বহু বার বলেছেন যে, তিনি ভোর ৪-৫টার আগে ঘুমোতে যান না। দীর্ঘদিনের অনিয়মিত ঘুম বার্ধক্য দ্রুত ডেকে আনতে পারে।”

দিনকয়েক আগেও তাঁর ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়তে, এ ভাবেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অনুরাগীরা। তিনি রোগা হয়েছেন, মাথায় চুল কমেছে, মুখচোখ যেন ঝিমিয়ে পড়েছে— এমন নানাবিধ মন্তব্য করেন তাঁর উদ্বিগ্ন অনুরাগীরা। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত অভিনেতা বা তাঁর সহযোগী দলের পক্ষ থেকে কোনও বার্তা দেওয়া হয়নি।

কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই ‘মাতৃভূমি’ ছবিতে দেখা যাবে সলমন। এ ছাড়াও নয়নতারার সঙ্গে একটি ছবির কাজও সারছেন তিনি। ২০২৭ সালের ইদে মুক্তি পাওয়ার কথা সেই ছবির। যদিও নাম এখনও চূড়ান্ত হয়নি।

Salman Khan Bollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy