শুধু পর্দায় নয়। পর্দার বাইরে তিনি কেমন, তা নিয়ে অনুরাগীদের প্রবল আগ্রহ। সব সময়েই ব্যক্তিগত জীবনের জন্য খবরে থাকেন তিনি। কিন্তু নিজের জীবন নিয়ে কোনও ছবি তৈরি হোক, একেবারেই চান না সলমন খান। এমনকি প্রেমের পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও নিজেকে যোগ্য মনে করেন না বলিউডের ভাইজান।
কর্ণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে এমনই জানালেন অভিনেতা। প্রেম, বিয়ে, সন্তান থেকে শুরু করে নিজের অতীত, নানা বিষয়েই অকপট ছিলেন সলমন। অনুষ্ঠানে আচমকাই হাজির হন করিশ্মা কপূর। সলমনের সঙ্গে তাঁর পুরনো ছবির স্মৃতিও ফিরে আসে আলোচনায়। করিশ্মা জানতে চান, সলমনের জীবন নিয়ে ছবি তৈরি হলে কোন পরিচালককে দায়িত্ব দেবেন তিনি? তখনই নিজের জীবনের কাহিনি নিয়ে ছবি তৈরির অনুমতি যে কাউকেই দেবেন না, তা স্পষ্ট করে দেন সলমন।
কর্ণের সামনে অকপট সলমন।
সলমন প্রথমে বলেন, “আমার জীবন নিয়ে হাসির ছবি তৈরি করতে চাইলে ডেভিড ধবনকে বেছে নেব। চিরাচরিত বিষাদময় প্রেমের গল্পের জন্য সঞ্জয় লীলা ভন্সালী।” এর পরেই আরও দুই পরিচালকের নাম করেন অভিনেতা। তাঁর কথায়, “একটার পর একটা সুন্দর প্রেমের গল্প বলতে হলে সূরজ বরজাতিয়া। আর আমার জীবনের নানা ঘটনা নিয়ে প্রেম ও মারপিটের ছবি তৈরি করতে হলে কবীর খান।”
কিন্তু নিজের জীবনের কাহিনি নিয়ে ছবি তৈরির প্রশ্নে সলমন একেবারে অনড়। তাঁর কথায়, “আমার জীবন নিয়ে কোনও জীবনীচিত্র তৈরি হবে না। আমার জীবনের গল্প আমার সঙ্গেই কবরে যাবে।”
আরও পড়ুন:
অনুষ্ঠানের র্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বেও উঠে আসে সলমনের প্রেমজীবনের প্রসঙ্গ। সলমনের জীবনের সঙ্গে মেলে, এমন কয়েকটি ছবির নাম বলেন করিশ্মা। ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ প্রসঙ্গে সলমনের মন্তব্য, “এটা তো হতেই পারে না। কারণ, সবাই সবাইকে ভুলে যায়।” এর পরে ‘লাকি: নো টাইম ফর লভ’ ছবির নাম নিয়ে অভিনেতা বলেন, “প্রেম করার জন্য সময়ের অভাব কোনও দিন ছিল না, ভবিষ্যতেও হবে না।” অতীতের সম্পর্ক নিয়ে আর কথা বাড়াতে চাননি তিনি। শেষ পর্যন্ত নিজের পছন্দের ছবি হিসাবে বলেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’র নাম।
প্রেমের পরামর্শ দেওয়ার প্রসঙ্গেও সলমনের উত্তর ছিল স্পষ্ট। করিশ্মা জানতে চান, তাঁর ভাইপো নির্বাণ, অরহান বা অয়ান সম্পর্ক নিয়ে পরামর্শ চাইতে এলে কী বলবেন তিনি? প্রশ্ন শেষ হওয়ার আগেই সলমনের উত্তর, “আমার কাছে আসাটাই ভুল হবে।” এমনকি, তাদের বাবাদের কাছে যেতে বলতেও রাজি নন অভিনেতা।
অনুষ্ঠানের নবম সিজ়নের প্রথম পর্বে ছিলেন সলমন। শোনা যাচ্ছে ‘কফি উইথ কর্ণ’-র শেষ পর্বে দেখা যাবে শাহরুখ খানকে।