Advertisement
E-Paper

‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সলমন খান, প্রথম দিনের শুটিংয়ে ঠিক কী কাণ্ড ঘটেছে?

‘বিগ বস্‌ ২০’-এর শুটিংয়ে ছবিশিকারিদের ‘বাবা’ সম্বোধন শুনে রেগে গেলেন সলমন খান? সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু আলোচনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১৮
অভিনেতা সলমন খান কেন রেগে গেলেন?

অভিনেতা সলমন খান কেন রেগে গেলেন? ছবি: সংগৃহীত।

তিনি নায়ক, আবার তিনি সঞ্চালকও। ক্যামেরার সামনে তাঁর উপস্থিতিই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কিন্তু সেই ক্যামেরার সামনেই শুক্রবার মেজাজ হারাতে দেখা গেল সলমন খানকে। ‘বিগ বস্‌ ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিংয়ে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁকে ‘বাবা’ বলে সম্বোধন করায় আপত্তি জানালেন। খানিক চটলেন ছবিশিকারির উপরে? সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

শুক্রবার, ৪ সেপ্টেম্বর মুম্বইয়ে ছিল ‘বিগ বস্‌ ২০’-এর গ্র্যান্ড প্রিমিয়ারের শুটিং। রবিবার, ৬ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হওয়ার কথা নতুন মরসুমের। প্রথম দিনের শুটিংয়ে সলমনের সাজেও ছিল আলাদা নজর। গাঢ় নীল ডেনিম, কালো টি-শার্টের সঙ্গে মাথায় তাঁর সাম্প্রতিক পছন্দের কাউবয় হ্যাট।

শুটিংয়ের ফাঁকে ছবিশিকারিদের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সলমন। সেই সময়েই তাঁকে ‘বাবা’ বলে ডাকেন কয়েক জন চিত্রসাংবাদিক। তাতেই বিরক্ত হন অভিনেতা। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, “বাবা? এটা (চিত্র সাাংবাদিকতা) মনে হচ্ছে তোমার কাজ নয়। ক্যামেরার সামনে আসার আমার কোনও দরকার নেই।”

এর পরেও ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন আলোকচিত্রীরা। তখন সলমনকে আরও বিরক্ত দেখায়। বার বার ছবি তোলার অনুরোধ শুনে বিরক্তি দেখিয়ে তিনি বলেন, “ফোটো... ফোটো... ফোটো।” যদিও ঠিক কোন বিষয়টি তাঁকে বিরক্ত করেছিল, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ‘বাবা’ সম্বোধন, নাকি একের পর এক ছবি তোলার অনুরোধ— কোন কারণে তাঁর মেজাজ খারাপ হয়েছে, তা নিশ্চিত করে বোঝা যায়নি।

সলমনের বিরক্তির ভিডিয়ো প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে।

সলমনের বিরক্তির ভিডিয়ো প্রকাশ্যে ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত।

এ দিকে ‘বিগ বস্‌ ২০’ ঘিরে ইতিমধ্যেই দর্শকের মধ্যে শুরু হয়েছে জল্পনা। এ বার অবশ্য প্রতিযোগী বাছাইয়ে দর্শকেরও সরাসরি ভূমিকা থাকছে। ‘ফ্যান্‌স কা ফয়সলা’ প্রচারের মাধ্যমে দু’জনকে নিয়ে শুরু হয়েছে ভোটাভুটি। মডেল-অভিনেত্রী রিয়া আহির এবং অভিনেত্রী লভ গিলের মধ্যে যিনি বেশি ভোট পাবেন, তিনি-ই ‘বিগ বস্‌’-এর ঘরে প্রবেশের সুযোগ পাবেন। অর্থাৎ, নতুন মরসুম শুরুর আগেই এক জন প্রতিযোগী বেছে নেওয়ার ক্ষমতা থাকছে দর্শকের হাতে।

অন্য দিকে, অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সলমন। চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে তাঁর ছবি ‘মাতৃভূমি’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি প্রযোজক দিল রাজুর সঙ্গে তাঁর পরবর্তী অ্যাকশন ছবির নাম ‘মনস্টার’ হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে ২০২৭-এর ইদে অভিনেত্রী নয়নতারার সঙ্গে পর্দায় দেখা যাবে সলমনকে।

Bollywood Actor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy