‘বিগ বস্’-এর ঘরে লভ গিলের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় গেমার স্কাউটওপি। এ বার সেই বিষয়েই তাঁকে কড়া প্রশ্নের মুখে ফেললেন সলমন খান। স্কাউটের প্রেমিকা কাশবী এসেছিলেন কিছু দিন আগে রিয়্যালিটি শোয়ে। লভ ও স্কাউটের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই সময়ে স্কাউটের নীরব থাকা নিয়েই আপত্তি তোলেন সঞ্চালক সলমন। অথচ এর আগে লভকে ‘বোনের মতো বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন স্কাউট। তা হলে পরিস্থিতি যখন কঠিন হল, তখন বন্ধুর পাশে দাঁড়ালেন না কেন? এই প্রশ্নই তুললেন সলমন।
‘উইকএন্ড কা ওয়ার’-এর সাম্প্রতিক পর্বে বিষয়টি নিয়ে স্কাউটকে সরাসরি প্রশ্ন করেন সলমন। লভের সঙ্গে বন্ধুত্বের কথা বললেও প্রেমিকা কাশবী তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলার সময় স্কাউট কেন চুপ করে ছিলেন, তা জানতে চান তিনি।
সলমন বলেন, “প্রেমিকার সামনে তুমি নিজের বন্ধুর পাশে দাঁড়াতে পারলে না।” এর পর লভকে নিয়ে সলমনের প্রশ্ন, স্কাউট কি মনে করেন যে লভ অন্যদের প্রভাবিত করেন? উত্তরে স্কাউট বলেন, “না, স্যর।” তখনই সলমনের পাল্টা প্রশ্ন, “তুমি কি শিশু যে কেউ এত সহজেই তোমাকে প্রভাবিত করতে পারে?”
এখানেই থামেননি সলমন। তাঁর মতে, নিজের সিদ্ধান্তের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত নয়। স্কাউটকে নিজের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে মনে করিয়ে দেন, কাউকে কথা দিলে সেই কথা রাখার দায়িত্বও নিতে হয়।
আরও পড়ুন:
সলমনের কথায়, “তোমার বলা উচিত ছিল, ভুলটা তোমারই। তুমি না তোমার প্রেমিকার পাশে দাঁড়াচ্ছ, না বোনের মতো বন্ধুর পাশে থাকো। কাউকে কোনও প্রতিশ্রুতি দিলে তা রাখা উচিত। আর যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকো, তা হলে তোমার চেয়ে খারাপ আর কেউ নেই।”
বিতর্কের সূত্রপাত অবশ্য আগেই। গত সপ্তাহের ‘উইকেন্ড কা ওয়ার’-এ সলমনের বদলে সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন পরিচালক রোহিত শেট্টী। সেই পর্বে লভের সঙ্গে স্কাউটের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর পরেই স্কাউটের প্রেমিকা কাশবী তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে সরাসরি প্রশ্ন করেন। তাতেই পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।
এই ঘটনাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রে চলে আসেন লভ। স্কাউটের নীরবতা নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁর অভিযোগ, স্কাউটের আচরণে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। সব দায় তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়েছে । দর্শক তাঁকে কী ভাবে দেখবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।