Advertisement
E-Paper

‘মৃত্যুর আগেই আমি ওকে হারিয়ে ফেলেছিলাম’, প্রেমিক ব্রায়ানের মৃত্যুর তিন বছর পরে মুখ খুললেন সান্দ্রা

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ব্রায়ানের অসুস্থতার খবর জানার পর থেকে এক অদ্ভুত অধ্যায় শুরু হয় তাঁর জীবনে। প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার অনুমতি ছিল না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৬ ১৬:৩৩
সান্দ্রা কী বললেন প্রেমিক ব্রায়ানের মৃত্যু প্রসঙ্গে?

সান্দ্রা কী বললেন প্রেমিক ব্রায়ানের মৃত্যু প্রসঙ্গে? ছবি: সংগৃহীত।

২০২৩ সালের অগস্টে প্রয়াত হন হলিউড মডেল তথা ফোটোগ্রাফার ব্রায়ান র‌্যান্ডাল। তাঁর অবশ্য আরও এক পরিচয় ছিল। তিনি ছিলেন হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলকের দীর্ঘ দিনের প্রেমিক। স্নায়ুর এক বিরল রোগে ভুগছিলেন ব্রায়ান। তিন বছর ধরে চিকিৎসাও চলছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রেমিকের মৃত্যুর প্রায় তিন বছর পরে এই বিষয়ে মুখ খুললেন নায়িকা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ব্রায়ানের অসুস্থতার খবর জানার পর থেকে এক অদ্ভুত অধ্যায় শুরু হয় তাঁর জীবনে। নায়িকার কথায়, ‘‘শরীর ছেড়ে যাওয়ার অনেক আগেই ওকে হারিয়ে ফেলেছিলাম।” অ্যামাইয়োট্রোফিক ল্যাটারাল স্ক্লেরোসিসের মতো জটিল স্নায়ুরোগ হলে ধীরে ধীরে শারীরিক সক্ষমতা কমতে থাকে। ব্রায়ানের ক্ষেত্রেও তা-ই হয়েছিল। একের পর এক পরীক্ষা, নতুন নতুন উপসর্গ এবং চিকিৎসার নানা ধাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল পরিবারকে।

প্রেমিকের অসুস্থতা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী।

প্রেমিকের অসুস্থতা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত।

ব্রায়ানের অনুরোধ ছিল, তাঁর রোগের কথা যেন কাউকে না জানান বুলক। অভিনেত্রী বলেন, “সেই ইচ্ছাকে আমি সম্মান করেছিলাম।” কিন্তু সেই গোপনীয়তার ভার বহন করা তাঁর পক্ষে সহজ ছিল না। বিশেষ করে কোভিড অতিমারির সময়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছিল। বুলকের কথায়, সবটা একা বয়ে নিয়ে যাওয়ার ফলে তিনি নিজেও ভীষণ ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।

অসুস্থতার মধ্যেই সন্তানদের দেখভালের দায়িত্বও ছিল বুলকের কাঁধে। তাঁর ছেলে লুইস এবং মেয়ে লাইলা ছাড়াও ব্রায়ানের আগের সম্পর্কের মেয়ে স্কাইলার স্টেটেন তাঁদের পরিবারের অংশ। বুলক জানিয়েছেন, প্রথম দিকে তাঁর বোন ছাড়া খুব বেশি কেউ বিষয়টি জানতেন না। পরে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে জেনিফার অ্যানিস্টন এবং জেসন ব্যাটম্যানের স্ত্রী আমান্ডা আঙ্কার সঙ্গে বিষয়টি ভাগ করে নেন তিনি। শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক স্বাস্থ্যের সমস্যাও যখন যোগ হয়, তখন পরিস্থিতি আরও অন্ধকার হয়ে উঠেছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।

২০১৫ সালে বুলক ও ব্রায়ানের সম্পর্কের সূত্রপাত। সেই বছরই জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরুর বিয়েতে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন তাঁরা। তার পরেই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসে। পরে তাঁরা দীর্ঘ দিন একসঙ্গে সংসারও করেন।

ব্রায়ানের মৃত্যুর পর নিজেকে এবং সন্তানদের সময় দিতে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলেন বুলক। সেই সময়টা তিনি সন্তানদের সঙ্গে বাড়িতে থেকে কাটিয়েছেন, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেছেন। আবার বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী। নিকোল কিডম্যান এবং সান্দ্রা অভনীত ছবি ‘প্র্যাক্টিকাল ম্যাজিক ২’ মুক্তি পাওয়ার কথা ১০ সেপ্টেম্বর।

Hollywood Actress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy