নব্বইয়ের দশক এবং ২০০০-এর শুরুর দিকে বড়পর্দায় বেশ জনপ্রিয় ছিলেন তিনি। একের পর এক ছবিতে অভিনয় করে সে সময় দর্শকের নজর কেড়েছিলেন তিনি। কাজ করেছেন শাহরুখ খান, সলমন খান, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে। তবে গত বেশ কিছু বছরে তাঁকে সে ভাবে দেখা যায়নি। বুধবার হঠাৎই প্রকাশ্যে এলেন অভিনেত্রী নগমা। আর তার পরেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর ভিডিয়ো।
‘সিন অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর (সিআইএনটিএএ) একটি সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন ৫১ বছর বয়সি অভিনেত্রী। দীর্ঘদিন পরে নগমাকে দেখে অনেকেই প্রথমে চিনতে পারেননি। তাঁর চেহারায় বয়সের ছাপ এবং ওজনের পরিবর্তন দেখে সমাজমাধ্যমে শুরু হয় আলোচনা। যদিও সেই আলোচনার মধ্যেই বহু অনুরাগী অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।
অভিনেত্রী নগমা, একসময় অভিনয় করেছিলেন শাহরুখের বিপরীতে। ছবি: সংগৃহীত।
এক দর্শক লিখেছেন, ‘‘ওজন অনেক বেড়েছে, কিন্তু এখনও সুন্দর। পুরনো ছবিতে ওঁকে দেখতে খুব ভাল লাগত।’’ আবার কেউ অবাক হয়ে প্রশ্ন করেছেন, ‘‘ইনি কি নগমা?’’ তবে এর পাশাপাশি এসেছে অনেক ইতিবাচক মন্তব্যও। এক জন লিখেছেন, ‘‘মানুষকে সবসময় তুলনা করা হয় কেন? বয়সের সঙ্গে সব কিছুই বদলায়। এটাই স্বাভাবিক। মানুষ, পশু, গাছ— সবকিছুর ক্ষেত্রেই প্রকৃতির নিয়ম এটাই।’’
নব্বইয়ের দশকের দর্শকের কাছে নগমার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। ১৯৯০ সালে ‘বাগী’ ছবিতে সলমনের বিপরীতে অভিনয়ের মাধ্যমে হিন্দি বড়পর্দায় পা রাখেন তিনি। এর পর ‘কিং আঙ্কল’-এ শাহরুখের সঙ্গে এবং ‘সুহাগ’-এ অক্ষয়ের সঙ্গে অভিনয় করেন। একাধিক জনপ্রিয় ছবিতে তাঁর উপস্থিতি সে সময় তাঁকে পরিচিত মুখ করে তুলেছিল।