নিজের জন্মদিনে অনুরাগীদের বিশেষ উপহার দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। সোমবার, ২ নভেম্বর, তাঁর জন্মদিন উপলক্ষে আসন্ন ছবি ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ্যে আনলেন নির্মাতারা। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। অরিজিৎ সিংহ ও মধুবন্তী বাগচির কণ্ঠের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক তারকা এড শিরানের র্যাপ।
৩ মিনিট ৪২ সেকেন্ডের এই গানের আবহে ‘পঠান’ ছবির ‘বেশরম রং’ গানের ছোঁয়া পেয়েছেন দর্শক। ফলে শাহরুখ ও দীপিকার সেই ছবির কথা নতুন করে মনে পড়েছে অনুরাগীদের। বিশেষ করে গেরুয়া পোশাকে দীপিকার সেই বহু আলোচিত দৃশ্যের স্মৃতি ফিরে এসেছে। ‘বেশরম রং’ গানে গেরুয়া রঙের বিকিনি পরার কারণে সে সময় বিতর্কের কেন্দ্রে ছিলেন অভিনেত্রী। এমন উন্মুক্ত পোশাকের রং কেন গেরুয়া? ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে অভিনেত্রী ও নির্মাতাদের বিরুদ্ধে। তবে এ বার তাঁকে বিকিনিতে দেখা যায়নি। বরং গেরুয়া রঙের একটি তথাকথিত ‘মার্জিত’ পোশাকে নজর কেড়েছেন দীপিকা। হল্টারনেক ঝলমলে গেরুয়া ড্রেসে দেখা গিয়েছে তাঁকে।
গানটিতে শাহরুখ ও দীপিকার রসায়নের ঝলকও রয়েছে। অভিনেত্রীকে নিজের ‘মাশুকা’ (প্রেয়সী) বলে সম্বোধন করতে শোনা গিয়েছে শাহরুখকে। রোম্যান্টিক মুহূর্তের পাশাপাশি ছবির টানটান অ্যাকশন দৃশ্যেরও আভাস মিলেছে গানে। সেখানে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে দেখা গিয়েছে শাহরুখকে। এড শিরানের ইংরেজি র্যাপের সঙ্গে ঠোঁট মেলাতেও দেখা গিয়েছে তাঁকে।
নতুন গানে শাহরুখ-দীপিকা। ছবি: সংগৃহীত।
গানের শেষে শাহরুখের আরও একটি সংলাপ ছবির আবহকে অন্য মাত্রা দিয়েছে। তিনি বলেন, “এ বার আমার হৃদয়ে আগুন জ্বলছে। গোটা দুনিয়াকে জ্বালিয়ে না দেওয়া পর্যন্ত সেই আগুন নিভবে না।” এই সংলাপ থেকে ‘কিং’-এ শাহরুখের চরিত্রের অন্ধকার, তীব্র এবং নির্মম দিকটির ইঙ্গিত পাওয়া যায়।
এর আগে কেপ টাউনের শাহরুখ ও দীপিকাকে ছবির শুটিং করতে দেখা গিয়েছিল। শুটিংয়ের একাধিক নেপথ্য দৃশ্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে পর্দায় এই জুটির প্রত্যাবর্তন নিয়ে অনুরাগীদের উৎসাহ আরও বেড়েছিল। উল্লেখ্য, গানটির শুটিংয়ের সময় দ্বিতীয় সন্তানের মা হতে চলেছিলেন দীপিকা।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শাহরুখ ও দীপিকা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, করীনা কপূর খান, রানি মুখোপাধ্যায়, অনিল কপূর, অরশদ ওয়ার্সী এবং রাঘব জুয়াল।