৮০তম স্বাধীনতা দিবস। বলিউডের বহু তারকাই এই দিন সকাল থেকে নানা বার্তা দিয়েছেন দেশের মানুষের উদ্দেশে। অনুরাগীরা অপেক্ষা করে থাকেন শাহরুখ খানের বার্তার জন্যও। এ বছর বলিউডের বাদশা কী বার্তা দিলেন?
শনিবার জাতীয় পতাকাকে রেখে নিজের একটি ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। ছবির সঙ্গে শাহরুখ লিখেছেন, ভারতীয় হওয়ার মধ্যেই যেন আলাদা এক অনুভূতি রয়েছে। দেশের নানা রং, বৈচিত্র, বৈপরীত্য এবং সেই সমস্ত পার্থক্যের মধ্যেও একাত্মতার বোধ রয়েছে, এমনই মনে করেন তিনি। এই সব মিলিয়ে ভারতীয় হওয়ার অনুভূতিই তাঁর কাছে বিশেষ। দেশ যে প্রত্যেকের ব্যক্তিগত অস্তিত্বের চেয়ে অনেক বড়, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
শাহরুখের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা । ছবি: সংগৃহীত
স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও। জাতীয় পতাকা হাতে নিজের একটি ছবি পোস্ট করে হিন্দিতে তিনি লেখেন, “স্বাধীনতার দিন, শুভেচ্ছা জানানোর পুণ্য দিন! বন্দে মাতরম!”
শাহরুখ মনে করেন, প্রত্যেকে যেন নিজেদের মতো করে দেশের গরিমা বৃদ্ধিতে কিছুটা অবদান রাখেন। নিজের ভারতীয় পরিচয় নিয়ে গর্ব প্রকাশও করেছেন এবং শেষে লিখেছেন, ‘জয় হিন্দ!’
শাহরুখ ও অমিতাভের পাশাপাশি অক্ষয় কুমার, করিনা কপূর খান-সহ বলিউডের একাধিক তারকাও সমাজমাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ এই দিনে অনুরাগীদের উদ্দেশে দেশাত্মবোধ ও শুভেচ্ছার বার্তা দিয়েছেন তাঁরা।
‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ খান। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, বর্তমানে শাহরুখ ব্যস্ত রয়েছেন তাঁর ছবি ‘কিং’ নিয়ে। ছবির শুটিং চলছে। ছবিটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ তাঁর কাছে, কারণ এই ছবির মাধ্যমেই বড় পর্দায় সফর শুরু হচ্ছে কন্যা সুহানা খানের। এর আগে জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’-এ অভিনয় করেছিলেন সুহানা। সেটি মুক্তি পেয়েছিল ওটিটি-তে।