গণেশপুজো উপলক্ষে সোমবার, ২১ সেপ্টেম্বর, মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে পুজো দিতে গিয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং দীর্ঘদিনের আপ্তসহায়ক পূজা দদলানী।
নীল পাঞ্জাবি পরে পরিবারের সঙ্গে ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশ করতে দেখা যায় অভিনেতাকে। সন্ধ্যার আরতিতেও যোগ দেন তিনি। তাঁর এই উৎসবের মুহূর্তের ছবি ও ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে একটি বিশেষ মুহূর্ত ঘিরেই শুরু হয়েছে আলোচনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পূজার ওড়নায় মুখ মুছছেন শাহরুখ। সেই সময় তাঁর পাশেই ছিলেন গৌরী ও সুহানা। বিষয়টি নজরে আসতেই নেটাগরিকদের একাংশের প্রশ্ন, স্ত্রী বা মেয়ের ওড়না থাকতে পূজার ওড়না কেন ব্যবহার করলেন অভিনেতা? যদিও গৌরী বা সুহানা, কারও চোখেমুখে কোনও বিরক্তি বা রাগ দেখা যায়নি।
কেউ কেউ লিখেছেন, “নিজের স্ত্রীর ওড়নাটা ব্যবহার করলেন না কেন?” আবার কারও প্রশ্ন, “স্ত্রী বা মেয়ের ওড়না ব্যবহার না করে ওঁরটাই কেন?” এমন মন্তব্যও করেছেন অনেকে, “মুখ মোছার জন্য স্ত্রীর স্কার্ফ ব্যবহার করা যেত না?”
আরও পড়ুন:
তবে শাহরুখের পাশেও দাঁড়িয়েছেন বহু অনুরাগী। তাঁদের বক্তব্য, পূজার সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে। অনেকের মতে, ঘটনাটি নেহাতই স্বতঃস্ফূর্ত একটি মুহূর্ত। তাই বিষয়টি নিয়ে অতিরিক্ত বিশ্লেষণের প্রয়োজন নেই।
আপাতত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত শাহরুখ। ছবিতে রয়েছেন মেয়ে সুহানা, দীপিকা পাড়ুকোন, অভয় বর্মা, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন-সহ আরও অনেকে। চলতি বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির।