Advertisement
E-Paper

গানের মাঝে হঠাৎ বন্ধ মাইক, দর্শকদের সঙ্গে কথাও শেষ করতে পারলেন না শিল্পা, মুম্বইয়ের অনুষ্ঠানে অব্যবস্থার অভিযোগ

মুম্বইয়ে অনুষ্ঠানের মাঝে চরম অব্যবস্থার শিকার গায়িকা শিল্পা রাও। সমাজমাধ্যমে হতাশা প্রকাশ করেন তিনি। পাশে পেলেন অনুরাগীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১০:৩০
শিল্পা রাও।

শিল্পা রাও। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার গায়িকা শিল্পা রাও। ‘বলিউড মিউজ়িক প্রজেক্ট’-এর দশম বর্ষপূর্তির অনুষ্ঠানে গান গাইতে উঠে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন তিনি। অভিযোগ, ২৪ অক্টোবর নির্ধারিত সময়ের থেকে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ায় মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় তাঁর গান। এর পরে সমাজমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন তিনি। ঠিক কী ঘটেছে?

অভিযোগ, গান চলাকালীনই বন্ধ করে দেওয়া হয় শিল্পার মাইক্রোফোন এবং বৈদ্যুতিন অডিয়োর সব সরঞ্জাম। এমনকি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার সময়ও বাধা পান গায়িকা। শিল্পা যখন শেষবারের মতো দর্শকদের উদ্দেশে কথা বলছিলেন, তখনই অপর শিল্পী, কুটলে খান তাঁর অনুষ্ঠান শুরু করে দেন বলে অভিযোগ। ফলে বক্তব্য অসমাপ্ত রেখেই মঞ্চ ছাড়তে হয় শিল্পাকে।

এই ঘটনার পর সমাজমাধ্যমে নিজের হতাশার কথা জানান গায়িকা। পাশাপাশি মুম্বইয়ের দর্শকদের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান তিনি। লেখেন, “মুম্বই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত এ ভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হল, এটা ভীষণ কষ্টের।”

এর পরেই দর্শকদের উদ্দেশে তিনি লেখেন, “কিন্তু গান থেমে গেলেও তোমরা থামোনি। তোমরা যে ভাবে বারবার আমার নাম ধরে ডাকছিলে, তোমাদের কথায় যে ভালবাসা ছিল… আজ রাতের আমাদের গল্পটা অসম্পূর্ণ রয়ে গেল। কথা দিচ্ছি, আমি আবার ফিরব।”

সমাজমাধ্যমে শিল্পার পোস্ট।

সমাজমাধ্যমে শিল্পার পোস্ট। ছবি: সংগৃহীত।

এই ঘটনার পরেই সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক এবং শিল্পার অনুরাগীরা। আয়োজকদের অব্যবস্থা ও একজন প্রতিষ্ঠিত শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ তুলে সরব হন তাঁরা। অনেকের দাবি, অনুষ্ঠান প্রায় ৪৫ মিনিট দেরিতে চলছিল। সেই কারণেই একের পর এক শিল্পীর পারফরম্যান্সের সময় কমিয়ে দেওয়া হয়। দ্রুত বিভিন্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘জাস্টিস ফর শিল্পা রাও’ লেখা হ্যাশট্যাগ।

এক অনুরাগী লেখেন, “কী জঘন্য ব্যবস্থাপনা! কুটলে খান ও আয়োজকেরা মিলে শিল্পার অনুষ্ঠান আচমকাই বন্ধ করে দিলেন। পারফরম্যান্স চলাকালীন তাঁর মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হল। ভয়ানক আয়োজন! কোনও শিল্পীর সঙ্গেই যেন এমনটা না ঘটে।” ইনস্টাগ্রামেও একই সুরে সরব হয়েছেন অনেকে। কেউ এই আচরণকে ‘অসম্মানজনক’ বলে উল্লেখ করেছেন, কেউ আবার অনুষ্ঠানের সময় ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ঘটনার পর ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে আয়োজক সংস্থা। তাদের দাবি, স্থানীয় কর্তৃপক্ষের কার্ফু জারির কারণে আগের অনুষ্ঠানগুলির সময় বেড়ে যায় এবং সে জন্য শিল্পার অনুষ্ঠান অসমাপ্ত রেখেই শেষ করতে হয়। তবে এই পরিস্থিতি সামলানোর পদ্ধতি নিয়ে দুঃখপ্রকাশ করেছে তারা।

Shilpa Rao Mumbai

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy