জুলাই তাঁর প্রিয় মাসের নাম! গোটা বর্ষা জুড়ে অনুপম রায়ের এই গান বেজেছে বৃষ্টিপ্রেমীর প্লেলিস্টে। তেমনই এক বর্ষামুখর দিনে গায়কের জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। তাঁর ও প্রস্মিতা পালের কোলে এসেছে পুত্রসন্তান। ১৭ অগস্ট মা-বাবা হয়েছেন তারকাদম্পতি। আর তার ঠিক পরেই অনুপমের আরও একটি গান ‘ব্যথা নেই’ প্রকাশ্যে এসেছে। গানের প্রথম পংক্তিতে রয়েছে শিশুদের উল্লেখ। পরিকল্পনা করেই কি গান প্রকাশ্যে এনেছেন অনুপম?
‘ব্যথা নেই’ গানটি বেঁধেছিলেন গত বছর। “তখন জানতাম না, কখন কী হবে। তাই তেমন পরিকল্পনা ছিল না”, বলেন অনুপম। গানের প্রথম পংক্তি ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে’ নিয়ে তিনি বলেন, “আমি কবি ভাস্কর চক্রবর্তীর বড় ভক্ত। ওঁর একটি কবিতায় এই পংক্তিটি ছিল— ‘শিশুরা ঘুমিয়ে পড়েছে।’ সেখান থেকেই অনুপ্রাণিত হয়েছিলাম। গানের সুর আবার পাশ্চাত্য লোকসঙ্গীতের আধারে তৈরি। এই গানটি আসলে ‘হিলিং’-এর গান। একটা মানুষের সুস্থ জীবনে ফেরত আসার গান।”
সন্তান জন্মের পরেই কেন এই গানটি বেছে নিলেন তিনি? গায়ক জানান, পর পর বেশ কয়েকটি ভাঙা মন ও বিরহের গান মুক্তি পেয়েছে তাঁর। তাই অন্য ধরনের একটি গান প্রকাশ করতে চেয়েছিলেন এ বার। তাঁর কথায়, “পর পর এক ধরনের গান প্রকাশ হচ্ছিল। এটা কিছুটা অন্য রকম। তবে দুটো তারিখ কাকতালীয় ভাবে পাশাপাশি হয়ে গিয়েছে। পরিকল্পনা ছিল না।”
সদ্যোজাত ইতিমধ্যেই গান শুনেছে। ছবি: সংগৃহীত
অনুপমের প্রেমের গান, বিরহের গান অনুরাগীদের পছন্দের তালিকায় থাকেই। এ বার কি পিতৃত্বের স্বাদের প্রভাবও তাঁর গান লেখার উপরে পড়বে? গায়কের অকপট স্বীকারোক্তি, “হ্যাঁ, পড়তেই পারে। আসলে একেবারে অন্য রকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে এই সময়টায় এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, গান ভাবারও সময় পাচ্ছি না।” বাড়িতে এসে গিয়েছেন নতুন মা ও সদ্যোজাত। একরত্তির কানে ইতিমধ্যেই প্রবেশ করেছে তার বাবা ও মায়ের গানের সুর। এ সব নিয়েই মেতে পরিবার। তাই হাসতে হাসতেই অনুপম বলেন, “গান শুনেছে ও। তবে ওর মূল কাজ এখন শুধু খাওয়া ও ঘুমোনো। অনেক কিছুরই রসদ পাচ্ছি। পরিস্থিতি একটু শান্ত হলেই আবার নতুন গান লেখা নিয়ে ভাবব।”
সদ্যোজাতের নাম এখনও ঠিক হয়নি। তার নামকরণ নিয়ে বিস্তর আলোচনা চলছে বলেও জানান অনুপম।