আমির খানের মন্তব্যের জবাব দেওয়ার পরে এ বার সলমন খানের মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক।
সোনম ওয়াংচুক যখন তাঁর অনশনের শেষ পর্বে ছিলেন, তখন সমাজকর্মীর পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন সলমন খান। নিজের ছাত্রজীবনের একটি পুরনো ছবি পোস্ট করে অভিনেতা পড়ুয়াদের আন্দোলনকেও সমর্থন জানিয়েছিলেন। তবে ২৪ ঘণ্টার মধ্যেই আরও একটি পোস্ট করে ওয়াংচুককে দ্রুত অনশন শেষ করার আবেদন জানান সলমন। তিনি লেখেন, “সোনম, এ বার থামো ভাই।”
সেই পোস্ট প্রসঙ্গে সোনম বলেন, “সবারই হয়তো কিছু না কিছু বাধ্যবাধকতা ছিল। আমি সেই বিষয়ে যেতে চাই না।” তিনি আরও বলেন, “সব দিক থেকেই বিষয়টাকে দেখতে হবে। অন্তত তিনি কিছু তো বলেছেন! সেটাই আমি সম্মানের চোখে দেখি। তাঁর কী বাধ্যবাধকতা ছিল, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না।”
আরও পড়ুন:
সলমন তাঁর প্রথম পোস্টে লিখেছিলেন, “এটি খুবই শান্তিপূর্ণ একটি আন্দোলন। কিন্তু শেষপর্যন্ত তা হিংসাত্মক মোড় নেওয়ায় খুব খারাপ লাগছে। আহত ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের জন্য আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অত্যন্ত গুরুতর বিষয়। তবে দেশের পড়ুয়ারা যে আরও ভাল শিক্ষাব্যবস্থার দাবিতে একজোট হয়েছেন এবং তাঁদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন, তা দেখে ভাল লাগছে।”
তবে ২৪ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় পোস্টে সলমন লিখেছিলেন, “সোনম, এ বার থামো ভাই। আর অনশন দীর্ঘায়িত কোরো না। ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে, সে লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো। যদিও আমার মনে হয়, আর সেই প্রয়োজন হবে না। কিছু খেয়ে নাও। চাইলে বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।”
উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুংসুক ওয়াংড়ু’ চরিত্রটি সোনমকে দেখে তৈরি নয় বলে আমির দাবি করেছিলেন। সেই মন্তব্যেরও জবাব দিয়েছেন সোনম।