দেবের সঙ্গে একের পর এক ছবিতে জুটি বেঁধে ইতিমধ্যেই নজর কেড়েছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের জমি শক্ত করা যে খুব সহজ ছিল তা নয়। নিজগুণে সেই জায়গা তৈরি করেছেন নায়িকা। এ বার টলিপাড়ার আরও এক প্রথম সারির নায়কের সঙ্গে নাকি এক ছবিতে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে, দেবের পর এ বার জিতের নায়িকা হিসাবে দেখা যাবে ইধিকাকে!
অন্দরের খবর, পরিচালক পথিকৃৎ বসুর আগামী ছবিতে জিতের বিপরীতে ইধিকাকে দেখা যেতে পারে। ছবিটি এসকে মুভিজ়ের প্রযোজনায় তৈরি হওয়ার কথা। যদিও এই ছবির বিষয়ে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। জিৎ বা ইধিকাও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এ বার জুটিতে ইধিকা-জিৎ? ছবি: সংগৃহীত।
প্রসঙ্গত, দেবের সঙ্গে ইধিকার জুটি ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। একের পর এক ছবিতে নায়কের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিগুলির সাফল্যের পর টলিপাড়ায় ইধিকার চাহিদা যে বেড়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সম্প্রতি, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কাণাইচরণ’-এর শুটিং শেষ করেছেন তিনি। সেখানেও যিশু সেনগুপ্তের সঙ্গে একফ্রেমে দেখা যাবে তাঁকে। নতুন ছবির সবটাই এখন নাকি আলোচনাস্তরে।