বিয়ের পর ছোটপর্দা থেকে বিদায় নিলেও এর মধ্যে তিনি বেশ কিছু সিরিজ় এবং সিনেমার শুটিং করে ফেলেছেন। মাঝে শোনা গিয়েছিল, আবার যশ দাশগুপ্তের সঙ্গে জুটিতে পর্দায় দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকারকে। একটি ছবি প্রকাশ্যে আসার পরে তো অনেকে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, পুরনো জুটিই ফিরছে আবার। কিন্তু সত্যি কি সেটাই হচ্ছে?
সূত্র বলছে, যশের সঙ্গে নয়, এ বার অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা যাবে মধুমিতাকে। ইতিমধ্যে নতুন সিরিজ়ের শুটিংও অনেকটা সেরে ফেলেছেন তাঁরা। হইচই-এ দেখানো হবে তাঁদের নতুন গল্প। শোনা যাচ্ছে, পরিবারকেন্দ্রিক গল্পেই জুটি বেঁধেছেন তাঁরা। তবে এখনও পর্যন্ত ঘোষণা কিছুই করা হয়নি প্রযোজনা সংস্থা বা নায়ক-নায়িকার তরফে।
মধুমিতার নতুন নায়ক অর্জুন? ছবি: সংগৃহীত।
এর আগে ওয়েব সিরিজ়ে মধুমিতা এবং বিক্রম চট্টোপাধ্যায়ের জুটি দর্শকের নজর কেড়েছিল। তবে প্রথম বার অভিনেত্রীকে দেখা যাবে অর্জুনের বিপরীতে। শহরের বিভিন্ন অঞ্চলে নাকি হয়েছে সিরিজ়ের শুটিং। তবে নায়ক-নায়িকা দু’জনেরই মুখে কুলুপ। প্রসঙ্গত, মধুমিতাকে শেষ ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে দেখেছিল দর্শক। তারই মাঝে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। বেশ কিছু ছবির কাজও করেছেন। প্রথম বার বাংলাদেশের ছবিতেও অভিনয় করছেন নায়িকা। শীঘ্রই মুক্তি পাবে মধুমিতা অভিনীত ছবি ‘অটোবি’।