ছোটপর্দার আরও এক কাহিনি নাকি শেষের পথে। সদ্য শুটিং শেষ হয়েছে ‘কনে দেখা আলো’। এ বার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘ও মোর দরদিয়া’। আগামী সোমবার অথবা মঙ্গলবারই নাকি হতে পারে শেষ দিনের শুটিং। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
২০২৫ সালের ৭ অক্টোবর শুরু হয় এই কাহিনি। অর্থাৎ, বছর ঘুরতে না ঘুরতেই ইতি টানার গুঞ্জন। মাত্র এক বছরের মধ্যেই শেষ হয়ে যাবে রণিতা দাস অভিনীত এই ধারাবাহিক? প্রশ্ন উঠছে টেলিপাড়ায়।
‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকের মাধ্যমে রণিতার প্রত্যাবর্তনই ছিল অন্যতম আকর্ষণ। ছোটপর্দার পরিচিত মুখ রণিতা দীর্ঘ বিরতির পর ফের ধারাবাহিকে ফিরেছিলেন এই কাহিনির মাধ্যমেই। তাঁর অভিনয় ঘিরে দর্শকের আগ্রহও ছিল যথেষ্ট। নতুন গল্প, পরিচিত মুখ এবং ধারাবাহিকের আবেগঘন মোড়— সব মিলিয়ে শুরু থেকেই নজরে ছিল ‘ও মোর দরদিয়া’।
আরও পড়ুন:
শুধু তা-ই নয়, টিআরপি তালিকাতেও একেবারে খারাপ ফল করেনি ধারাবাহিকটি। ২০২৫ সালের একটি টিআরপি তালিকায় ‘ও মোর দরদিয়া’-র রেটিং ছিল ৫.৯। ফলে দর্শকের একাংশের মধ্যে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন এত তাড়াতাড়ি শেষের পথে ধারাবাহিক, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
তবে টেলিভিশনের দুনিয়ায় টিআরপি-ই যে শেষ কথা, তা নয়।। গল্পের গতিপথ, চ্যানেলের পরিকল্পনা, নতুন ধারাবাহিকের জায়গা করে দেওয়া— একাধিক কারণেই কোনও কাহিনি বন্ধ হতে পারে। ‘ও মোর দরদিয়া’-র ক্ষেত্রেও ঠিক কী কারণে এমন সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়।