নতুন ধারাবাহিক ‘বাঘিনী’র প্রথম ঝলক ইতিমধ্যেই এসেছে প্রকাশ্যে। শোনা গিয়েছে, সম্পিতা প্রামাণিক নামে এক নবাগতাকে দেখা যাবে নায়িকা হিসাবে। এখন সকলের মনে প্রশ্ন নায়কের ভূমিকায় দেখা যাবে কাকে? ইতিমধ্যেই বেশ কিছু নাম উঠে এসেছে আলোচনায়।
শোনা গিয়েছে, ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের নায়ক রাহুল গঙ্গোপাধ্যায়কে দেখা যেতে পারে নতুন কাহিনিতে। সত্যিই কি তাই? প্রযোজক সুশান্ত দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য সে কথা জানাননি। উল্টে সুশান্ত বলেন, “রাহুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। লুকসেটও করা হয়েছিল। কিন্তু এখনও খোঁজ চলছে। চূড়ান্ত করা হয়নি কাউকে।” অনেকে ধরেই নিয়েছিলেন, রাহুল এবং সম্পিতার জুটিই এ বার দেখা যাবে পর্দায়। কিন্তু প্রযোজকের কথায় ইঙ্গিত মিলেছে, তেমনটা না হওয়ার সম্ভাবনাই রয়েছে।
এখন এমনিই নতুন মুখ খোঁজার হিড়িক। সেই ভাবেই খোঁজ মিলেছে অভিনেত্রী সম্পিতার। তিনি নাকি সুদক্ষ নৃত্যশিল্পী। তাঁর নৃত্য পরিবেশনা দেখেই নাকি চূড়ান্ত করা হয়েছে নায়িকা হিসাবে। অন্দরের আলোচনা, ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমোর শুট হয়ে গিয়েছে।
শোনা যাচ্ছে, সুশান্ত প্রযোজিত এবং পরিচালিত আরও একটি ধারাবাহিকের শুরু হওয়ার কথা রয়েছে। যেখানে নাকি অভিনয় করার কথা ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকের নায়িকা মনীষা মণ্ডলের। শোনা গিয়েছে, সেই নতুন ধারাবাহিকের নায়কেরও খোঁজ চলছে। এখনও চূড়ান্ত কিছু হয়নি।