কথায় বলে, অতি লোভে তাঁতি নষ্ট। তবে এ ক্ষেত্রে নায়িকার অবশ্য কিছুই নষ্ট হয়নি। বরং লাভই হয়েছে। একের পর এক ব্যর্থ ধারাবাহিকে অভিনয়ের পরে জনপ্রিয়তা হারাচ্ছিলেন তিনি। নতুন কাজ তাঁকে সেই হারানো গৌরবই মনে হয় ফিরিয়ে দেবে। এই নিয়েই টেলিপাড়ার অন্দরে আলোচনার কেন্দ্রে অভিনেত্রী।
আরও পড়ুন:
শোনা যাচ্ছে, বেশ কিছু আলোচিত ধারাবাহিকের মুখ হওয়ার পরেও টিআরপির দৌড়ে অনেকটাই পিছিয়ে ছিলেন নায়িকা। এমনকি নায়িকার কোনও ধারাবাহিক আদৌ সম্প্রচারিত হচ্ছে কি না, তা-ও নাকি ভুলতে বসেছিলেন তাঁর অনুরাগীরা। এমনটাই আলোচনা অন্দরের। শোনা যাচ্ছে, নতুন খেলায় যোগ দেওয়ার আগে অন্য একটি চ্যানেলের সঙ্গে আর একটি কাজের কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল অভিনেত্রীর। তিনি নাকি প্রচার-ঝলকের শুটিংও করেছিলেন। কিন্তু শেষমুহূর্তে নাকি নির্মাতাদের ‘না’ করে নতুন কাজে যোগ দেন।
তাতেই নাকি অভিনেত্রীর কাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্দরের কেউ কেউ। যদিও এ সব আলোচনার নাগাল থেকে অনেকটাই দূরে নায়িকা। তিনি এখন প্রতিযোগিতা জিততে ব্যস্ত। তাই কোনও আলোচনার আঁচই পৌঁছোচ্ছে না তাঁর কাছে। তবে অন্দরের কিছু জনের প্রশ্ন, আগামী দিনে কি নায়িকার এই ব্যবহার ভুলে আবার নতুন ধারাবাহিকে তাঁকে নেবেন নির্মাতারা? সেই উত্তরের অপেক্ষায় থাকতে হবে অনুরাগীদের।