‘‘খেলব, শিখব, জিতব’’— এই মূলমন্ত্র নিয়েই রোজ দর্শকদের সামনে আসছে কচিকাঁচারা। কেবল নিছক প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার এক প্রকার মজাদার কায়দা বলা যেতে পারে। আর এই নিয়েই তৈরি হয়েছে রিয়্যালিটি শো ‘ছানাগিরি’। গত ৯ অগস্ট থেকে ‘সান বাংলা’য় রোজ সন্ধ্যা ৬টায় একদল শিশুকে নিয়ে টেলিভিশনের পর্দায় আসছেন টলিউডের অভিনেত্রী অপরাজিতা ঘোষ।
এই শো-তে কেবল প্রতিযোগিতায় অংশ নেয় না তারা, বরং খেলে, শেখে, আবিষ্কার করে এবং তার পর হার-জিতের প্রশ্ন ওঠে। খেলাগুলি তৈরি হয়েছে ৫ বছর থেকে ১২ বছরের শিশুদের মতো করে। ‘ছানাগিরি’তে খেলার ছলে নানা কিছুর শেখার সুযোগ পায় ছোটরা। এর মূল লক্ষ্য হল, অংশগ্রহণকারীদের কৌতূহল বাড়ানো, আত্মবিশ্বাসী করে তোলা এবং প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করা। অনুষ্ঠানের আসল উদ্দেশ্য লুকিয়ে রয়েছে এর স্লোগান— ‘‘খেলব, শিখব, জিতব’’-এর মধ্যে।
এই অনুষ্ঠানের প্রতি পর্বেই থাকে মজার সব চ্যালেঞ্জ, হাসির মুহূর্ত আর নানা চমক, যা শেখার পুরো প্রক্রিয়াটিকে চমৎকার অভিজ্ঞতায় বদলে দেয়। আর সেখানে একটি বিশেষ ধাপে ‘ছানা’রা তাদের মায়েদের জন্য খেলতে নামে। যেখানে খেলা এবং জেতাই আসল নয়, বরং মায়েদের সঙ্গে, মায়েদের জন্য বিশেষ মুহূর্ত তৈরি করা হয়।
প্রত্যেক পর্বে রয়েছে দারুণ সব পুরস্কার। ‘ছানাশিপ স্কলারশিপ’-এর উদ্যোগে প্রতিযোগীরা ৩০ হাজার, ৪০ হাজার এবং ৫০ হাজার টাকার স্কলারশিপ জেতার সুযোগ পায়। প্রতি দিন তাদের পারফরম্যান্সের উপর নির্ভর করে এই স্কলারশিপ দেওয়া হয়। এ ছাড়াও গোটা মাসে যারা সেরা তিনের স্থান দখল করতে পারে, তাদের মধ্যে আরও একটি প্রতিযোগিতা হয়, যেখান থেকে ১ লক্ষ টাকা পুরস্কার জেতার সুযোগ থাকে।
সঞ্চালিকা অপরাজিতার কথায়, ‘‘ছোটদের সঙ্গে সময় কাটাতে, কথা বলতে খুব ভালবাসি। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হতে পারে সেটে, কারণ তারা খুবই স্বতঃস্ফূর্ত। কখনওই বোঝা যায় না যে এর পর তারা কী বলবে, কী করবে। সেই কারণেই প্রতিটি মুহূর্ত খুব মজাদার হতে পারে।’’ অপরাজিতা নিজে এক জন মা। তাই এই ছোট ছোট মুহূর্তগুলির মাহাত্ম্য বেশি ভাল করে বোঝেন তিনি। সন্তানদের জন্য মায়েদের উত্তেজনা, ছোটখাটো মুহূর্তগুলিকে উদ্যাপন করা, এমনই সমস্তদ মুহূর্ত চিরস্থায়ী হয়ে থাকবে পরিবারের মনে। আর তাই অপরাজিতা বলছেন, ‘‘ভালবাসা এবং সারল্যের যে নজির ছোটরা গড়ছে এবং যে ভাবে মা আর সন্তানের বন্ধন দেখা যাচ্ছে এখানে, সব মিলিয়ে এই অনুষ্ঠান সকলের জন্য নতুন এক অভিনব অভিজ্ঞতা হতে পারে।’’