বলিউডে সফর শুরু করার সময়টা খুব সহজ ছিল না বিবেক ওবেরয়ের জন্য। পুত্রের স্বপ্নপূরণ করতে গিয়ে নিজের সংগ্রামের দিনগুলিই যেন ফের ফিরে এসেছিল প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয়ের জীবনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করেছেন অভিনেতা।
সুরেশ জানান, ছবিতে সুযোগ পেতে যথেষ্ট লডা়ই করতে হয়েছিল বিবেককে। সাহায্য করেছিলেন সুরেশ। বর্ষীয়ান অভিনেতার কথায়, “ওর জন্য আবার সংগ্রাম করতে হয়েছিল। দরজায় দরজায় ঘুরেছি। আগে যেমন একটা সময়ে নিজের ছবি নিয়ে ঘুরেছি। পরে বিবেকের ছবি নিয়েও ঘুরতাম।”
সেই সময়ে পরিচালক রামগোপাল বর্মার সঙ্গে কাজ করছিলেন সুরেশ। রামগোপাল তখন তাঁর ছবি ‘কোম্পানি’র জন্য অভিনেতা খুঁজছিলেন। সুরেশের কাছ থেকে বিবেকের অভিনয়ের ‘টেপ’ দেখতে চান পরিচালক। ব্যবস্থা করেন সুরেশ।
‘সাথিয়া’ ছবিতে নজর কেড়েছিলেন বিবেক।
এর পর বিবেকের অভিনয় দেখার জন্য তাঁদের বাড়িতে যান রামগোপাল। তাঁর অভিনয়ে মুগ্ধ হন পরিচালক। শেষ পর্যন্ত ‘কোম্পানি’ ছবিতে গ্যাংস্টার চন্দ্রকান্ত নাগরের চরিত্রে বিবেককে সুযোগ দেন তিনি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন, মোহনলাল, মনীষা কৈরালা এবং অন্তরা মালী।
২০২২ সালে এক সাক্ষাৎকারে নিজের কর্মজীবনের শুরুর দিকের প্রায় দু’বছরের সংগ্রামের কথা জানিয়েছিলেন বিবেকও। বাবার পরিচয়ের প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে অডিশনের সময়ে নিজের পদবি পর্যন্ত ব্যবহার করতেন না বলে জানিয়েছিলেন অভিনেতা। বিবেক বলেছিলেন যে, তিনি ‘বিবেক আনন্দ’ নামে বিভিন্ন প্রযোজনা সংস্থার দফতরে যেতেন। অডিশনের জন্য ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করেছেন। বাবার প্রযোজনায় ছবি করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তার পরে প্রায় দু’বছর ধরে প্রতিদিন সংগ্রাম এবং একের পর এক প্রত্যাখ্যানের মুখোমুখি হয়ে অবশেষে ‘কোম্পানি’-তে সুযোগ পান। নিজের যোগ্যতা ও প্রতিভার জোরেই জায়গাটি তৈরি করতে পেরেছিলেন, মনে করেন তিনি এবং তা নিয়ে গর্বিত ছিলেন বিবেক।
অভিনয়ের জন্য প্রশংসিত হন বিবেক।
২০২৫ সালে ‘মস্তি ৪’ বিবেকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। ছবিটি সমালোচকদের কাছ থেকে মূলত নেতিবাচক প্রতিক্রিয়া পায়। বক্সঅফিসেও ব্যর্থ হয় ছবিটি। বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ১৫ কোটি টাকা। ‘মস্তি’ ফ্র্যাঞ্চাইজ়ির মধ্যে এটিই সবচেয়ে কম ব্যবসা করা ছবি।
তবে আগামী দিনে বিবেককে দেখা যাবে দু’টি বড় বাজেটের ছবিতে। রণবীর কপূর অভিনীত ‘রামায়ণ’-এ শূর্পণখার স্বামীর চরিত্রে অভিনয় করবেন তিনি। অন্য দিকে, সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে মুখ্য খলনায়ক ও অপরাধজগতের এক প্রভাবশালী চরিত্রে দেখা যাবে তাঁকে।