স্বরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত টলিউডের ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকারকে গ্রেফতার করল রিজেন্ট পার্ক থানার পুলিশ। প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। শুক্রবার আদালতে তোলা হবে বাপিকে। আর তাঁর গ্রেফতারির পরেই টলিপাড়ায় আবার আলোচনায় কয়েক মাস আগের সেই বিতর্কিত পর্ব— যার কেন্দ্রে ছিলেন স্বরূপ, বাপি এবং এক মহিলা রূপটানশিল্পী।
অভিযোগের সূত্রপাত হয়েছিল মেকআপ গিল্ডকে ঘিরে। অভিযোগকারিণীর দাবি ছিল, গিল্ডের তৎকালীন সম্পাদক বাপি তাঁকে কাজ দিচ্ছিলেন না। সেই অভিযোগ জানিয়ে তিনি স্বরূপের কাছে চিঠিও দিয়েছিলেন বলে প্রকাশ্যে জানিয়েছিলেন। এর পরেই তাঁকে ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। সেই সময় বাপি মালাকার এবং স্বরূপ বিশ্বাসের নাম পাশাপাশি উঠে এসেছিল।
পরিস্থিতি আরও ঘোরালো হয় গত জুন মাসে। ওই রূপটানশিল্পীর অভিযোগের ভিত্তিতে স্বরূপকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা হয়। কিন্তু প্রায় দু’মাসের মাথায় আচমকাই সুর বদলান অভিযোগকারিণী। সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তায় তিনি জানান, স্বরূপ তাঁর সঙ্গে কোনও অশালীন আচরণ করেননি। তাঁর মূল বিবাদ ছিল বাপি মালাকার ও শান্তনু দে-র সঙ্গে। এমনকি তাঁর অভিযোগের ভিত্তিতে স্বরূপ কেন গ্রেফতার হলেন, তা-ও তিনি বুঝতে পারছেন না বলে দাবি করেন। শোনা গিয়েছে, এই ঘটনার পরে এতটাই আত্মগ্লানিতে ভুগছেন অভিযোগকারিণী যে, তিনি নিজেও থানায় যাচ্ছেন আত্মসমর্পণ করতে।
সেই বিতর্কের পর এ বার গ্রেফতার বাপি। আর কাকতালীয় ভাবে নয়, তাঁর নিজের মেকআপ গিল্ডের অফিস থেকেই তাঁকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ, এমনটাই খবর।