চলতি বছরের জুলাই মাসে ঘোষণা করা হয়েছিল, সোহম শাহ অভিনীত ‘তুম্বা়ড় ২’ ছবিতে দেখা যাবে আলিয়া ভট্টকে। ছবিতে তাঁর চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে খবর বলছে, ছবিতে বর্ধিত ক্যামিয়ো চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়াকে ছবিতে নেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোহম। জানালেন, মাত্র দু’টি বৈঠকেই ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে যান আলিয়া। গোটা প্রক্রিয়াটিও ছিল বেশ মসৃণ।
এক সাক্ষাৎকারে সোহম জানান, প্রথমে আলিয়াকে ছবির চিত্রনাট্য শোনানো হয়েছিল। তার পর চিত্রনাট্য পড়েই অভিনয়ের জন্য সম্মতি জানান অভিনেত্রী। সোহমের কথায়, “চিত্রনাট্যটা ওঁর খুব ভাল লেগেছিল। তাই গোটা প্রক্রিয়াটা খুব সহজ হয়। আলিয়া অত্যন্ত আন্তরিক এবং পেশাদার। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুব মসৃণ ভাবে হয়েছে।”
আলিয়ার প্রশংসা করে ‘তুম্বা়ড়’ অভিনেতা আরও বলেন, ‘আলফা’ অভিনেত্রী অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তাঁর মতে, ব্যবসা বোঝার ক্ষমতাও আলিয়ার যথেষ্ট ভাল। সোহম জানান, প্রথম বৈঠকেই ছবির চিত্রনাট্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, “আমরা যখন ওঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করেছিলেন আলিয়া। ঠিক কী কী প্রশ্ন করেছিলেন, তা এখন আর মনে নেই। তবে উনি প্রথমে চিত্রনাট্য শোনেন, তার পর দু’তিন দিনের মধ্যে পুরো চিত্রনাট্য পড়ে ফেলেন। এর পর আমরা আবার দেখা করি। মাত্র দু’টি বৈঠকেই আলিয়া ছবির চুক্তি সই করে ফেলেন!”
সোহমের মতে, সাধারণত এত দ্রুত কোনও অভিনেতাকে ছবিতে রাজি করানো যায় না। এই ধরনের ঘটনা খুব একটা ঘটে না, বরং কাজটা বেশ কঠিন। তবে আলিয়া চিত্রনাট্যের গুণমান এবং সম্ভাবনা বুঝতে পেরেছিলেন বলেই দ্রুত সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মত তাঁর।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘তুম্বা়ড়’। সমালোচকদের প্রশংসা পেলেও প্রথম মুক্তির সময় বক্সঅফিসে বিশেষ সাফল্য পায়নি ছবিটি। তবে ২০২৪ সালে পুনরায় মুক্তির পর ছবিটি বক্সঅফিসে ঝড় তোলে। পুনর্মুক্তির পর ভারতে ছবিটির আয় পৌঁছোয় ৪৪.০৫ কোটি টাকায়।
‘তুম্বাড় ২’-তে সোহম ও আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। ছবির তারকাবহুল কাস্টিং ইতিমধ্যেই দর্শকের আগ্রহ বাড়িয়েছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের ডিসেম্বর মাসে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি।