Advertisement
E-Paper

নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পকসো আইনে মামলা, গ্রেফতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রোহিত চন্দেল

১০ জুলাই, শুক্রবার মুম্বইয়ের দহিসরে অভিনেতার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পন্থনগর থানার পুলিশ। পরে তাঁকে বিশেষ পকসো আদালতে তোলা হলে আদালত তাঁকে পুলিশ হেফাজতে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৬:৪৩
গ্রেফতার রোহিত চন্দেল।

গ্রেফতার রোহিত চন্দেল। ছবি: সংগৃহীত।

গ্রেফতার করা হয়েছে হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ রোহিত চন্দেলকে। ১৬ বছর বয়সি এক নাবালিকাকে ‘অলক্ষে অনুসরণ’ করা, বার বার ফোন করে উত্যক্ত করা, হেনস্থা এবং মারধরের অভিযোগে ২৯ বছর বয়সি রোহিতকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ‘সইরাব’, ‘কাশীবাই বাজিরাও বল্লাল’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন রোহিত।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুলাই, শুক্রবার মুম্বইয়ের দহিসরে অভিনেতার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পন্থনগর থানার পুলিশ। পরে তাঁকে বিশেষ পকসো আদালতে তোলা হলে আদালত তাঁকে পুলিশি হেফাজতে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।

নাবালিকার পরিবারের তরফে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, রোহিত নিজের মোবাইল নম্বর ছাড়াও একাধিক নম্বর ব্যবহার করে তাকে বার বার ফোন করতেন। এর ফলে মানসিক চাপের শিকার হয়ে পড়ে ওই নাবালিকা। অভিযোগে আরও বলা হয়েছে, গত ৫ জুলাই মুম্বইয়ের পূর্ব উপনগর এলাকায় নাবালিকার আবাসনের সামনে তার পথ আটকে দাঁড়ান অভিনেতা। এর পর তিনি নাকি নাবালিকাকে ধাওয়া করেন, তার সঙ্গে বচসায় জড়ান, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরও করেন বলে অভিযোগ।

এক পুলিশ আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ন্যায় সংহিতার ৭৮ এবং ১১৫(২) ধারায় (অনুসরণ এবং স্বেচ্ছায় আঘাত করার অভিযোগ) মামলা দায়ের করা হয়েছে অভিনেতার বিরুদ্ধে। পাশাপাশি, পকসো আইনের সংশ্লিষ্ট ধারাও প্রয়োগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এবং নাবালিকার মধ্যে আগে থেকেই পরিচয় ছিল।

এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে রোহিত বা তাঁর প্রতিনিধি দলের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

Hindi Serial POCSO Act

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy