আবার বিতর্কে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। যন্তর মন্তর-সহ বিভিন্ন জায়গার আন্দোলনকারীদের ব্যবহৃত ভাষা, আন্দোলনে যোগ দেওয়া ‘হিন্দু মহিলাদের’ নিয়ে মন্তব্য করেছেন তিনি, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বিজেপি সাংসদ কঙ্গনার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির মহিলা নেত্রী ও কর্মীরা লখনউয়ের মল অ্যাভিনিউ মোড়ে বিক্ষোভে শামিল হন। সেখানে কঙ্গনার কুশপুতুল দাহ করে, তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন তাঁরা।
আরও পড়ুন:
সেই প্রতিবাদেরই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা যায় বিজেপি সাংসদের কুশপুতুলে আগুন লাগিয়ে দিচ্ছেন এক বিক্ষোভকারী মহিলা নেত্রী। পরিস্থিতি সামাল দিতেই পুলিশ হাজির হয়। শেষে অর্ধেক পুড়ে যাওয়া কুশপুতুল নিয়ে দৌড় দেন এক পুলিশ আধিকারিক, যাঁকে ধাওয়া করেন ওই মহিলা নেত্রী।
কী দাবি বিক্ষোভকারীদের? তাঁদের অভিযোগ, যন্তর মন্তরে আন্দোলনকারী তরুণীদের সম্পর্কে কঙ্গনার মন্তব্য শুধু তাঁদেরই নয়, দেশের সমস্ত নারীর মর্যাদাকেই আঘাত করেছে। তাঁদের বক্তব্য, যাঁরা দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে নিজেদের দাবির পক্ষে আন্দোলন চালিয়ে গিয়েছেন, তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত অসম্মানজনক।
প্রতিবাদসভায় কংগ্রেসের মহিলা নেত্রীরা আরও দাবি করেন, নারী সংরক্ষণের পক্ষে অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে নারীদের সম্মানরক্ষার প্রশ্নে বিজেপির ভূমিকা সন্তোষজনক নয়। তাঁদের অভিযোগ, কঙ্গনার মন্তব্যের পরেও বিজেপির অন্য জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির নীরবতা অত্যন্ত দুঃখজনক।
বিক্ষোভকারীদের দাবি, কঙ্গনা দেশের নারীদের কাছে নিঃশর্ত ক্ষমা না-চাওয়া পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে। এই কর্মসূচিতে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির একাধিক মহিলা পদাধিকারী ও শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।