বিয়ের পর প্রথম বার বড়পর্দায় একসঙ্গে আসছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। তাঁদের নতুন ছবি ‘রণবলী’ মুক্তির আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন বিজয়। রশ্মিকাকে নিজের সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী বলেও উল্লেখ করলেন তিনি।
বিজয় বলেন, “এটা আমাদের একসঙ্গে করা তৃতীয় ছবি। এই তৃতীয় ছবিতে এসে অভিনেত্রী এবং মানুষ হিসাবে তুমি অনেকটা এগিয়ে গিয়েছ। তোমার মধ্যে বরাবরই অদ্ভুত জেদ আর কাজ করার ক্ষমতা রয়েছে। মনে হয়, কোনও মানুষ যেন রোবটের মতো কাজ করে চলেছে। তোমার এই উন্নতি দেখে আমার সত্যিই খুব গর্ব হয়।”
রশ্মিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বিজয় আরও বলেন, “তোমার সঙ্গে ছবিতে কাজ করতে আমার খুব ভাল লাগে। তুমি আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেত্রী। তোমার সঙ্গে কাজ করলে নিজের বাড়িতে থাকার মতো অনুভূতি হয়।”
এর আগে ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন বিজয় ও রশ্মিকা। ‘রণবলী’ তাঁদের তৃতীয় ছবি। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে বিয়ের পর এই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁদের।
ছবিতে জয়াম্মার চরিত্রে রশ্মিকাকে নেওয়া নিয়ে যে কোনও সংশয় ছিল না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন বিজয়। তাঁর কথায়, “এই ছবির ক্ষেত্রে তোমাকে নেওয়া হবে কি না, তা নিয়ে কোনও প্রশ্নই ছিল না। জয়াম্মার চরিত্রে তুমিই অভিনয় করবে, সেটাই নিশ্চিত ছিল। এই চরিত্রে তোমার মতো আর কেউ অভিনয় করতে পারত না। তুমি দারুণ কাজ করেছ।”
এক দিকে ছবির প্রচার, অন্য দিকে সমাজসেবামূলক উদ্যোগ। বুধবার সমাজমাধ্যমে ৪০০টি পরিবারকে দত্তক নেওয়ার কথা ঘোষণা করেন রশ্মিকা। আগামী এক বছর ধরে প্রতি বার ৪০০টি পরিবারকে তিন মাসের জন্য খাদ্যসামগ্রী দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। এর ফলে পরিবারগুলি নিত্যপ্রয়োজনীয় জিনিসের খরচ বাঁচিয়ে সেই টাকা ভবিষ্যতের জন্য জমাতে পারবে বলে আশা অভিনেত্রীর।
উল্লেখ্য, ‘রণবলী’ মুক্তি পাবে তেলুগু, তামিল, হিন্দি, মলয়ালম ও কন্নড় ভাষায়। ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।