Advertisement
E-Paper

‘দেশু৭’-কে টক্কর দেবেন ‘একেন!’ শিবপ্রসাদের সিক্যুয়েলে যিশু! কেন এড়াচ্ছে দেব-জিৎ লড়াই, আগামী ছ’মাসে বড়পর্দায় আর কী ছবি?

বছরের অর্ধেক পার। পড়ে আছে দ্বিতীয়ার্ধ। এই ছ’মাস জুড়ে কোন কোন বাংলা ছবি দর্শকের মন ভরাবে? দেব, আবীর, অনির্বাণের কী কী ছবি আসছে বছরের বাকি কয়েকটি মাসে! এক ঝলকে রইল সম্ভাব্য তালিকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ১০:৩৩
বাংলা ছবির ছ’মাসের ক্যালেন্ডার!

বাংলা ছবির ছ’মাসের ক্যালেন্ডার! গ্রাফিক: আনন্দবাজার ডট কম

চলতি বছরের ছ’মাস পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই মুক্তি পাওয়া বেশ কয়েকটি বাংলা ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। এখনও প্রেক্ষাগৃহে চলছে ‘আজও অর্ধাঙ্গিনী’। সামনের মাস থেকেই উদ্‌যাপন আর উৎসবের মরসুম— একেবারে ডিসেম্বর পর্যন্ত। অগস্টে স্বাধীনতা দিবস থেকে শুরু। তার পর রাখিপূর্ণিমা, দুর্গাপুজো, ভাইফোঁটা, ইদ হয়ে ডিসেম্বরের ক্রিসমাস। আর যে কোনও উৎসবে প্রেক্ষাগৃহে গিয়ে মনের মতো ছবি দেখতে পছন্দ করেন বাঙালি দর্শক। শুরু হওয়া দ্বিতীয়ার্ধ জুড়ে কোন কোন বাংলা ছবি দর্শকের মন ভরাবে, এক ঝলকে দেখে নেওয়া যাক।

শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ছবি ‘কাতুকুতু বুড়ো’ মুক্তি পাচ্ছে পরের সপ্তাহেই। ২৪ জুলাই বাংলা ছবির পরিচালক হিসাবে অভিষেক হচ্ছে কৌশিক-চূর্ণীর পুত্র উজান গঙ্গোপাধ্যায়ের। উজানের বিপরীতে নবাগতা রাপূর্ণা ভট্টাচার্য। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কেও।

‘কাতুকুতু বুড়ো’ ছবিতে উজান-রাপূর্ণা জুটি।

‘কাতুকুতু বুড়ো’ ছবিতে উজান-রাপূর্ণা জুটি। ছবি: সংগৃহীত

অগস্টেই মুক্তি পাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। নন্দী মুভিজ় প্রযোজিত এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে জিৎকে। পরিচালনায় পথিকৃৎ বসু। এ ছাড়াও অভিনয়ে টোটা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, লোকনাথ দে-সহ আরও অনেকে। দু’বছর পর জিতের বাংলা ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিতে জিতের প্রস্থেটিক লুক ইতিমধ্যেই ভাইরাল। এই ছবির সঙ্গেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবিটির। কিন্তু শোনা যাচ্ছে, কিছু গ্রাফিক্সের কাজ বাকি থাকায় এই স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে না এই ছবি। তবে খুব শিগগির ছবির নতুন মুক্তির দিন জানানো হবে প্রযোজনা সংস্থার তরফে। ফলে বক্সঅফিসে আপাতত হচ্ছে না জিৎ-দেব টক্কর।

সেপ্টেম্বরেই মুক্তি পাওয়ার কথা মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’। এই ছবির মাধ্যমে বড়পর্দায় প্রথম বার দেখা যাবে অঙ্কিতা মল্লিককে। ছবিতে উত্তম কুমারের চরিত্রে দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে। এ ছাড়াও ছবিতে দেখা যাবে দেবলীনা নন্দী, অর্পণ ঘোষাল, আরাত্রিকা মাইতিকে।

পুজোয় আসছে ‘দেশু৭’, ফিরছে  দেব-শুভশ্রী জুটি।

পুজোয় আসছে ‘দেশু৭’, ফিরছে দেব-শুভশ্রী জুটি। ছবি: সংগৃহীত

পুজোয় হবে জোর টক্কর। এক দিকে মুক্তি পাচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবি ‘দেশু৭’। এই ছবি নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। এই প্রথম পরিচালকের জুতোয় পা গলালেন দেব। দেব-শুভশ্রী জুটির কামব্যাক ছবিও বটে, ফলে অনুরাগীরাও উচ্ছ্বসিত। অন্য একটি চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। আপাতত জোরদকমে চলছে ছবির শুটিং। ছবির শুটিংয়ের আগেই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের প্রথম পর্বের টিকিট অগ্রিম বুক হয়ে গিয়েছে।

পুজোয় আসছে ‘দ্যএকেন: কেরালায় কুরুক্ষেত্র’।

পুজোয় আসছে ‘দ্যএকেন: কেরালায় কুরুক্ষেত্র’। ছবি: সংগৃহীত

‘দেশু৭’-কে টক্কর দিতে হাজির হবেন স্বয়ং ‘একেনবাবু’। পুজোয় বড়পর্দায় মুক্তি পাবে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। অনির্বাণ চক্রবর্তীর অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি সকলেই। স্বাভাবিক ভাবেই ‘একেন’ রূপে তিনি বড়পর্দা কাঁপাতেই আসেন। এ বার আবার এই ছবিতে কেরলে রহস্য সন্ধানে যাবেন তিনি। বলাই বাহুল্য, এসভিএফ প্রযোজিত এই ছবির জন্য বাকিদের যথেষ্ট বেগ পেতে হবে।

 ‘বহুরূপী’র সিক্যুয়েলে শিবপ্রসাদের সঙ্গী যিশু সেনগুপ্ত।

‘বহুরূপী’র সিক্যুয়েলে শিবপ্রসাদের সঙ্গী যিশু সেনগুপ্ত। ছবি: সংগৃহীত

পুজোয় টক্কর দেবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় জুটির ছবি ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। উইন্ডোজ় প্রযোজিত ‘বহুরূপী’-র সিক্যুয়েল এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়কে। এই অ্যাকশন-থ্রিলার দেখার জন্যেও মুখিয়ে রয়েছেন দর্শক।

আর আছে অবশ্যই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি। নন্দী মুভিজ় প্রযোজিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ এ বার পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে। ছবিতে টোটা রায়চৌধুরী ও আবীর চট্টোপাধ্যায়ের দ্বৈরথ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লুকে টোটার লুক ইতিমধ্যেই ভাইরাল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লুকে টোটা রায়চৌধুরী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লুকে টোটা রায়চৌধুরী। ছবি: সংগৃহীত

এ তো গেল পুজোর কথা। এ বার আসা যাক পরের ছুটি, অর্থাৎ ক্রিসমাসে। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা অতনু রায়চৌধুরী ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ‘টনিক’ ছবির সিক্যুয়েল ‘টনিক ২’-এর। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে দেব-পরাণ ওরফে কাকা-ভাইপো জুটি দর্শকের বেশ পছন্দের। আর জন্মদিনে এ বছর অনুরাগীদের এই ছবিই উপহার দেবেন দেব।

উইন্ডোজ় প্রযোজিত ‘ফ্যামিলিওয়ালা’ মুক্তি পাবে ডিসেম্বরে। ছবি পরিচালনায় সুমন ঘোষ। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী। তবে ক্রিসমাসেই এই ছবি আসছে কি না এখনও তা জানা যায়নি।

এই বছরই বড় পর্দায় আসছে আরজি কর-কাণ্ড। ২০২৪ সালে ৯ অগস্টের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্যে। কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের উপর নির্যাতন ও তাঁর মৃত্যুর সেই ভয়াবহ ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল নানা মহল। এ বার ছবিতে সেই ঘটনা তুলে আনছেন পরিচালক শঙ্কুদেব পণ্ডা। ছবির নাম ‘অভয়াশক্তি’।

‘ইস্কাবনের বিবি’ মুক্তি পাবে এই বছর।

‘ইস্কাবনের বিবি’ মুক্তি পাবে এই বছর। ছবি: সংগৃহীত

এ ছাড়াও ক্যামেলিয়া প্রোডাকশনের তরফে এই বছর দু’টি ছবি মুক্তি পাওয়ার কথা। প্রথমটি ‘ইস্কাবনের বিবি’, অভিনয় করছেন অরুণিমা গোষ, গৌরব চট্টোপাধ্যায় ও তৃণা সাহা। এ ছাড়াও একটি ছবি নিয়ে আলোচনা চলছে। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে— ‘আগুন পাহাড়ের পুঁথি’। তবে ছবির পরিচালক এবং অভিনেতাদের নাম এখনই প্রকাশ্যে আনতে চান না ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। সব মিলিয়ে বছরের বাকি অর্ধেক সময়েও বাংলা ছবির জন্য বেশ ভালই হবে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

Tollywood Dev jishu sengupta Shubhasree Abir Chatterjee Anirban Chakrabarti Jeet

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy