গত কয়েক সপ্তাহ ধরে তাঁদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী-মডেল সমরীন কৌরের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন ভারতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ।
সমাজমাধ্যমে সমরীনের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে অর্শদীপ লেখেন, “আমার মানুষ”। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই পোস্ট। অনুরাগী এবং সতীর্থ ক্রিকেটারদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে মন্তব্যবাক্স।
১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বরে জন্ম সমরীনের। জম্মু ও কাশ্মীরের বাসিন্দা তিনি। ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৮’-তে রাজ্যের প্রতিনিধিত্ব করে প্রতিযোগিতার শেষ পর্বে পৌঁছোনোর পরেই আলোচনায় আসেন সমরীন। পরে পুণের ‘সিম্বায়োসিস কলেজ অফ আর্টস অ্যান্ড কমার্স’ থেকে বি কম (অনার্স) ডিগ্রি নিয়ে পাশ করেন।
জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সমরীন ! ছবি: সংগৃহীত।
অভিনয়ে তাঁর আত্মপ্রকাশ কবীর খান পরিচালিত ‘৮৩’ ছবির মাধ্যমে। এর পর জ়ি ফাইভ-এর ওয়েব সিরিজ় ‘নেল পলিশ’ এবং পঞ্জাবি ছবি ‘সর্দারজি ২’-তেও দেখা যায় তাঁকে। পাশাপাশি বাদশা, গুরু রণধাওয়া, জ়ুবিন নটিয়াল-সহ একাধিক জনপ্রিয় শিল্পীর মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করে তরুণ প্রজন্মের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমেও যথেষ্ট জনপ্রিয় সমরীন। নিয়মিত ফ্যাশন, ভ্রমণ এবং জীবনযাত্রা সংক্রান্ত নানা পোস্ট ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
অর্শদীপের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের আগে ইউটিউবার আশিস চঞ্চলানির সঙ্গেও সমরীনের নাম জড়িয়েছিল। যদিও সেই সময়ে দু’জনেই স্পষ্ট জানিয়েছিলেন, তাঁরা কেবল ঘনিষ্ঠ বন্ধু। পরে সমরীন স্বীকার করেন, ব্যক্তিগত কারণে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলেছে, তবে একে অপরের প্রতি সম্মান অটুট রয়েছে।
সমরীন ও অর্শদীপের সম্পর্ক নিয়ে প্রথম জল্পনা শুরু হয় আইপিএল ২০২৬-এর সময়। ছবি: সংগৃহীত।
সমরীন ও অর্শদীপের সম্পর্ক নিয়ে প্রথম জল্পনা শুরু হয় আইপিএল ২০২৬-এর সময়। গ্যালারি থেকে অর্শদীপকে সমর্থন করতে দেখা গিয়েছিল সমরীনকে। এর পর একাধিক বার তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। যদিও এত দিন পর্যন্ত দু’জনেই নীরব ছিলেন। তবে অর্শদীপের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টেই তাঁদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।