দেব বনাম জিৎ— বছরের পর বছর ধরে এই আলোচনাই চলে আসছে টলিপাড়ার অন্দরে। যেখানে দর্শকের একাংশের ধারণা, দুই নায়ক নাকি আর একসঙ্গে কাজ করতে রাজি হন না। যদিও সেই সব আলোচনা এখন অতীত। সকলের ধারণা নস্যাৎ করে এক বর্ষার সন্ধ্যায় পাশাপাশি দুই নায়ক।
স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সেই ছবির বিশেষ প্রদর্শনে মা-বাবাকে নিয়ে উপস্থিত হয়েছিলেন দেব। একসঙ্গে বসে পুরো ছবি দেখেন সাংসদ অভিনেতা। জিতের অভিনয় দেখে মুগ্ধ দেব। জানালেন জিতের অনেকগুলো ছবিই তাঁর প্রিয়। সেই তালিকায় যুক্ত হয়েছে নায়কের এই নতুন ছবি। দেব এবং জিৎ-কে পাশাপাশি পেয়ে সকলের সেই একটাই প্রশ্ন, আর কি তাঁদের একই ছবিতে অভিনয় করতে দেখা যাবে না?
একসঙ্গে এক ছবিতে দেব-জিৎ-প্রসেনজিৎ? ছবি: সংগৃহীত।
কিছু দিন আগে পর্যন্ত শোনা গিয়েছিল, দুই নায়কের কেউই রাজি নন একফ্রেমে বন্দি হতে। কিন্তু সময় গড়াতেই যেন উলটপূরাণ। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর বিশেষ প্রদর্শনী থেকে বেরিয়েই দেব জানালেন, তাঁরা একসঙ্গে কাজ করতে চান। বড়দাদার মতো পাশে দাঁড়িয়ে জিৎও সায় দিলেন দেবের কথায়।
আরও পড়ুন:
দেব বলেন, “বুধবার রাতেই বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়) বসেছিলেন আমাদের নিয়ে। বলেছিলেন ‘চল একটা ছবি করি’। তাই পুজোর পরে বুম্বাদা দায়িত্ব নিয়েছেন একসঙ্গে ছবি করার। আমাদের কোনও অসুবিধা নেই কাজ করতে।” দুই নায়কের মতে, এমন গল্প বা চিত্রনাট্য পাওয়া দরকার, যা তাঁদের দু’জনের পছন্দ হবে। দেব যোগ করেন, “এমন চিত্রনাট্যও তো দরকার যেখানে দেব এবং জিৎ-কে নেওয়া ন্যায্য হবে।” তা হলে কি খুব শীঘ্রই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে বড়পর্দায়? সেই প্রশ্নের উত্তর যদিও এখনও অধরা।