Advertisement
E-Paper

‘ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব’, অভিনয় প্রায় ছাড়তে গিয়েও কেন সিদ্ধান্ত বদলান ইয়ামী গৌতম?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামী গৌতম জানান, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিকি ডোনর’ সফল হলেও তাঁকে ‘প্রথাগত নায়িকা’ হিসাবে লঞ্চ করা হয়নি। তাই তাঁর কাছে সীমিত ধরনের ছবির প্রস্তাবই আসতে থাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ১০:১৭
কেন বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামী গৌতম?

কেন বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামী গৌতম? ছবি: সংগৃহীত।

আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ ছবির মাধ্যমে বলিউডে পথচলা শুরু। সফল ছবি। তা সত্ত্বেও হিন্দি সিনেদুনিয়ায় নিজের জমি পাকা করতে বেশ বেগ পেতে হয়েছিল অভিনেত্রী ইয়ামী গৌতমকে। ভাল কাজের সুযোগ না-পেয়ে অভিনয়জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে তিনি প্রায় স্থির করেই ফেলেছিলেন যে, বলিউড ছেড়ে হিমাচল প্রদেশে ফিরে যাবেন। কিন্তু ২০১৯ সালে ‘উরি’ এবং ‘বালা’র সাফল্য তাঁর কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামী জানান, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিকি ডোনর’ সফল হলেও তাঁকে ‘প্রথাগত নায়িকা’ হিসাবে লঞ্চ করা হয়নি। সেই কারণেই পরবর্তী সময়ে তাঁর কাছে সীমিত ধরনের ছবির প্রস্তাবই আসতে থাকে।

অভিনেত্রীর কথায়, “আমি ‘উরি’ এবং ‘বালা’র আগে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা ভীষণ সমর্থন করেছিলেন। ওঁরা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’ আশ্চর্যের বিষয়, যে-ই মুহূর্তে ভয় পেয়ে ইন্ডাস্ট্রিকে আঁকড়ে ধরার চিন্তা ছেড়ে দিলাম, সব কিছু বদলে গেল। ‘উরি’ এল, ‘বালা’ এল। রাতারাতি জীবন পাল্টে গেল।”

বলিউডে ‘বহিরাগত’ হিসাবে কাজ করার অভিজ্ঞতাও ভাগ করে নেন ইয়ামী। তাঁর মতে, তারকাসন্তানদের ব্যর্থতার পরেও আবার সুযোগ দেওয়া হয়। কিন্তু বাইরের কেউ হলে, একটি সুযোগ পাওয়াই কঠিন হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কঠিন বিষয়টা শুধু ‘বহিরাগত’ হওয়া নয়। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হত। হয়তো মনে হচ্ছে যে, আমি কোনও নির্দিষ্ট সুযোগের জন্য প্রস্তুত। অথচ সেই সুযোগ বার বার এমন কাউকে দেওয়া হচ্ছে, যে আগে থেকেই এই বাস্তুতন্ত্রের (ইন্ডাস্ট্রি) অংশ। তখন মনে হত, আমাকেও যদি এত সুযোগ দেওয়া হত, আমিও কি আরও ভাল অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না? এতে হতাশা বাড়ত।”

তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তাঁর কথায়, “এখন আপনি কোথা থেকে এসেছেন, তা দেখেন না দর্শক। তাঁরা দেখেন, আপনি ভাল অভিনেতা কি না, আপনার ছবি দেখার মতো কি না, এবং আপনার কাজের উপর তাঁরা ভরসা করতে পারেন কি না। এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে।” ইয়ামী আরও জানান, বলিউডে পক্ষপাতিত্বের কারণে তিনি বহুবার কষ্ট পেয়েছেন। এমনও হয়েছে যে, কোনও ছবি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা এগিয়েছে, কিন্তু কোনও ব্যাখ্যা ছাড়াই তা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। যে সুযোগের জন্য তিনি অপেক্ষা করছিলেন, তা নিঃশব্দেই হাতছাড়া হয়েছে।

প্রসঙ্গত, আগামী দিনে পরিচালক বালাজি মোহনের ছবি ‘নয়ী নবেলী’-তে দেখা যাবে ইয়ামীকে।

Yami Gautam Bollywood

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy