পঞ্জাবের জলন্ধরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বন্ধুর। রবিবার ভোরে এক বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। মৃতদের মধ্যে রয়েছেন বিদিত ওলক। তিনি জনপ্রিয় গায়ক হনী সিংহের ভাইপো এবং পঞ্জাবি মিউজ়িক সংস্থা ‘স্পিড রেকর্ডস’-এর মালিক দীনেশের ছেলে। অপর মৃত তরুণের নাম আরব তলওয়ার। তিনি ‘প্যাপি সুইটস’-এর মালিকের ছেলে বলে জানা গিয়েছে।
পুলিশ লাইনস এলাকার কাছে একটি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। তাঁদের গাড়িটি রাস্তার উপর দাঁড় করানো পুরসভার ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মারে। জন্মদিনের পার্টি থেকে ফেরার সময়ই এই দুর্ঘটনা। ঘটনার পর সমাজমাধ্যমের পাতায় দুঃসংবাদ দেন হনী নিজেই। বারাদারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাহিল চৌধরী জানিয়েছেন, রাত প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনার খবর পায় পুলিশ। তাঁর বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার সময় পুরসভার সাফাইকর্মীরা উড়ালপুলটি পরিষ্কার করছিলেন। আবর্জনা সংগ্রহের জন্য তাঁরা ট্র্যাক্টর-ট্রলিটি রাস্তার উপর দাঁড় করিয়ে রেখেছিলেন। বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
হনী সিংহের পোস্ট। ছবি: সংগৃহীত।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার আগে ওই ভক্সওয়াগন গাড়িতে মোট পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে বিদিত ও আরবের মৃত্যু হয়। বাকি তিন জন আগেই বাড়ি ফিরে গিয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। মৃতদেহগুলি নিজেদের হেফাজতে নেয় তারা। পরে দুই পরিবারের সদস্যেরা আর কোনও আইনি পদক্ষেপ করতে চাননি। সেই কারণে মৃতদেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়।