‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা’র দুর্দিন-সুদিন নিয়ে তর্কাতর্কির মাঝেই দেখতে দেখতে পঞ্চম বর্ষে পা। বছর ঘুরে ফের মাতৃভাষার যাত্রায় মেধার উৎসব। মগজাস্ত্রের লড়াইয়ে সেরা স্কুলের খোঁজ করতে আবারও একবার হাজির আনন্দবাজার ডট কম।
মাতৃভাষার শিকড়ের সঙ্গে আগামী প্রজন্মকে জুড়ে রাখার লক্ষ্যেই প্রতি বছর মহা সমারোহে উদযাপিত হয়ে আসছে এই বিশেষ প্রতিযোগিতা। চলতি বছর পঞ্চম বর্ষ। চমকও কি তবে পাঁচগুণ? ২০২৫ সালের জমজমাট লড়াইয়ের আসরের পরে মাতৃভাষাকে উজ্জ্বল করতে এ বারেও প্রস্তুত বাংলার একাধিক স্কুল। সেখান থেকেই বেছে নেওয়া হবে প্রতিভাদের। খেলাচ্ছলে বাংলা ভাষাকে এগিয়ে রাখার গুরুভার সামলাতে পারবে কি তারা? কোন স্কুলই বা পাবে সেরার শিরোপা? সবটাই থাকবে আনন্দবাজার ডট কম-এর পাতায়।
এক নজরে রইল প্রতিযোগিতার বিভিন্ন ধাপ-
প্রাথমিক ধাপ: স্কুল রাউন্ড
এই প্রাথমিক পর্যায়ে অংশ নিতে পারবে কেবল অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। প্রতিটি স্কুলে স্কুলে অনুষ্ঠিত হবে এই রাউন্ড। প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই বিচার হবে খেলার ভবিষ্যৎ। বেছে নেওয়া হবে ২৫ জন শিক্ষার্থীকে। সেই নামই পৌঁছে যাবে সংশ্লিষ্ট স্কুলে। এরপর স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তিন জন প্রতিনিধিকে পাঠানো হবে খেলার পরবর্তী ধাপের জন্য।
দ্বিতীয় ধাপ: জেলা রাউন্ড
এই পর্যায়ে বাছাই করা স্কুলগুলি অংশ নেয় জেলাভিত্তিক প্রতিযোগিতায়। প্রতিটি জেলার একটি নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সেই মঞ্চ থেকেই বেছে নেওয়া হবে জেলার সেরা স্কুলগুলিকে।
তৃতীয় ধাপ: চূড়ান্ত পর্ব
এ বার সেই বিশেষ সন্ধিক্ষণ। কলকাতায় মুখোমুখি হবে প্রতিটি জেলা থেকে বাছাই করা সেরা স্কুলগুলি। মগজের মারপ্যাঁচে চূড়ান্তভাবে নির্বাচিত হবে ‘শব্দ-জব্দ ২০২৬’-এর সেরা তিনটি স্কুল।
প্রতিযোগিতার বিভিন্ন ধাপে সেরা শিক্ষার্থীদের জন্য আনন্দবাজার ডট কমের তরফে থাকবে শংসাপত্র-সহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার।
আনন্দবাজার ডট কম আয়োজিত ‘শব্দ-জব্দ ২০২৬-এর পার্টনাররাও এই সম্মান জ্ঞাপনের সঙ্গী। প্রতিযোগিতার প্রেজ়েন্টিং পার্টনার ‘ইস্টার্ন ইনস্টিটউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট’। পাওয়ার্ড বাই পার্টনার ‘রিলায়েন্স ট্রেন্ডস্’, ‘সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি’ এবং ‘এনএসএইচএম নলেজ ক্যাম্পাস, দুর্গাপুর’। ধন্যবাদ আমাদের অন্যান্য সহযোগীদেরও — ‘শব্দবাজি’ এবং ‘ডেলিফান’।