লোকে বলে, ব্যায়ামে বৈচিত্র না আনলে নাকি উপকার মেলে না। সবার জন্য যে তা সত্য নয়, প্রমাণ করলেন ৮৩ বছরের অমিতাভ বচ্চন। গত ২৬ বছর ধরে একই রুটিনে শারীরচর্চা চালিয়ে যাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। জানালেন ফিটনেস প্রশিক্ষক শিবোহাম। তাঁর স্ত্রী বৃন্দা গ্রোভার গত ২৬ বছর ধরে অমিতাভকে প্রশিক্ষণ দিচ্ছেন।
শিবোহাম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, অমিতাভের শারীরচর্চার মূল কাঠামো প্রায় একই রয়েছে। সময়ের সঙ্গে কিছু পরিবর্তন এসেছে ঠিকই, তবে পুরো রুটিন আমূল বদলে যায়নি। প্রায় ২৬ বছর ধরে বৃন্দা অভিনেতার শারীরিক প্রশিক্ষণের সঙ্গে যুক্ত। এখন তাঁর সঙ্গে যোগাসনও করেন অমিতাভ। এত বছর ধরে বিগ বি যা যা করেন, তা হল, এক প্রকার ওয়ার্ম-আপ এবং একই ক্রম মেনে বিভিন্ন যন্ত্রে প্রশিক্ষণ। তবে বয়স ও প্রয়োজন অনুযায়ী পায়ের শক্তি বাড়ানোর জন্য কিছু ব্যায়াম যোগ করা হয়েছে। অর্থাৎ, কয়েক মাস অন্তর নতুন নতুন ব্যায়াম বা কঠিন শারীরচর্চা শুরু করার বদলে পরিচিত একটি রুটিনকেই দীর্ঘদিন ধরে বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে।
অমিতাভের শারীরচর্চার রুটিন। ছবি: সংগৃহীত
অমিতাভের ক্ষেত্রে এখানে বয়সের সঙ্গে ব্যায়াম বেছে নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। শরীরের উপর অপ্রয়োজনীয় চাপ না দিয়ে নিয়ন্ত্রিত ভাবে রেজ়িস্ট্যান্স বা শক্তিবর্ধক ব্যায়াম করলে পেশি ও দৈনন্দিন কাজের সক্ষমতা ধরে রাখতে সাহায্য করতে পারে। বয়স বাড়ার সঙ্গে শরীরের ক্ষমতা, আগের চোট বা শারীরিক সমস্যার কথা মাথায় রেখে ব্যায়ামের তীব্রতা বা ওজনের পরিমাণ বাড়ানো বা কমানো উচিত। হুট করে কোনও নতুন ব্যায়াম যোগ করে শরীরের উপর অতিরিক্ত চাপ দেওয়া হয় না।
নিয়মিত ওয়ার্ম-আপ শরীরে রক্তসঞ্চালন বাড়াতে এবং পেশি ও অস্থিসন্ধিকে শারীরচর্চার জন্য প্রস্তুত করতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে অস্থিসন্ধিতে জড়তা এসে যেতে পারে, তাই উপযুক্ত ব্যায়াম গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের আগে অথবা পরে তিনি প্রায় ৩০-৪০ মিনিট প্রাণায়াম করেন। সঙ্গে যোগাসন তো রয়েইছে।
আরও পড়ুন:
অমিতাভের রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়তো কোনও নির্দিষ্ট ব্যায়াম নয়, বরং রোজ নিয়ম করে একই ব্যায়াম করে যাওয়া। একই ধরনের শারীরচর্চার রুটিন যদি দীর্ঘদিন ধরে চলে, তা হলে শরীর পরিচিত নড়াচড়ার সঙ্গে মানিয়ে নিতে পারে এবং নিয়মিত থাকার অভ্যাসও তৈরি হয়। দীর্ঘমেয়াদি শারীরচর্চায় নতুন নতুন কঠিন ব্যায়ামের পিছনে ছোটার চেয়ে এক জন ব্যক্তির জন্য উপযুক্ত রুটিন স্থির করে দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তার উপর যদি বয়স্ক হন তিনি।