তিন বছর আগে, ৪৪ বছর বয়সে প্রশিক্ষকের সঙ্গে শক্তিবর্ধক ব্যায়াম শুরু করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা। তাঁর কাছে শারীরচর্চার লক্ষ্য শুধু ওজন কমানো ছিল না। বরং শরীরকে আরও শক্তিশালী ও পেশিকে মজবুত করতেই উদ্যোগী ছিলেন তিনি। ওজনহ্রাস সেই অনুশীলনের অতিরিক্ত ফল মাত্র। আর আজ তিন বছর পর, ৪৭ বছর বয়সে এসে প্রথম বার দু’টি পুল-আপ করে নতুন মাইলফলক পেরোলেন অভিনেত্রী। তিন বছর ধরে নিয়মিত ভারোত্তোলন ও শক্তিবর্ধক ব্যায়াম করার পর এই সাফল্য এসেছে।
স্বাস্থ্যসংক্রান্ত, ফিটনেস বিষয়ক যে কোনও তথ্য নিজের অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন জ্যোতিকা। পুল-আপ করার পর তিনি সমাজমাধ্যমে লিখলেন, ‘‘সবচেয়ে জরুরি উপদেশ আমার প্রশিক্ষক দিয়েছেন। তাঁর বক্তব্য, কেমন দেখতে লাগছে, সেটি গুরুত্বপূর্ণ নয়। কতটা শক্তিশালী হচ্ছেন, সেটিই বেশি জরুরি। আজ ৪৭ বছর বয়সে আমি প্রথম দু’টি পুল-আপ করেছি। এঁর সঙ্গেই ৪৪ বছর বয়স থেকে অনুশীলন করছি। আজ তিনিই আমার কাছে প্রমাণ করে দিয়েছেন, বয়স কেবল সংখ্যামাত্র। কোনও কিছুই অসম্ভব নয়।’’
পুল-আপ ব্যায়াম। ছবি: সংগৃহীত
নিজের ফিটনেস রুটিন নিয়ে কথা বলতে গিয়ে জ্যোতিকা জানালেন, তিনি চিরকালই সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালবাসেন। তার পর একটি আপেল খেয়ে জিমে চলে যান। সেখানে ভারোত্তোলনের পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়াম করেন জ্যোতিকা। অভিনেত্রীর কথায়, ‘‘সপ্তাহে ৪-৫ বার শারীরচর্চা করি আমি। সকাল সাড়ে ১০টার মধ্যে ব্যায়াম শেষ করে ফেলি।’’
পুল-আপে উঁচুতে ঝোলানো একটি বার শক্ত করে ধরে নিজের শরীরের ওজনকে হাতের সাহায্যে উপরের দিকে তুলতে হয়। ফলে একসঙ্গে পিঠ, কাঁধ, বাহু এবং পেটের পেশিকে কাজ করতে হয়। শুধু হাতের জোর থাকলেই এই ব্যায়াম করা যায় না। শরীরের ভারসাম্য বজায় রাখা, হাতের মুঠোর শক্তি এবং কাঁধের স্থিরতাও প্রয়োজন। এই কারণেই নিয়মিত শারীরচর্চা করেন এমন অনেকের কাছেও প্রথম পুল-আপ কঠিন বলে মনে হয়। নিজের শরীরের ওজনকেই প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে হয় বলে শুরুতেই যথেষ্ট শক্তির প্রয়োজন এই ব্যায়ামে।
আরও পড়ুন:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পেশির পরিমাণ ও শক্তি ধীরে ধীরে কমতে পারে। তাই বয়স বাড়লে শুধু হাঁটা বা হালকা শারীরচর্চার পাশাপাশি নিজের সক্ষমতা অনুযায়ী শক্তিবর্ধক ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ। নিয়মিত এই ধরনের ব্যায়াম পেশির শক্তি ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি হাড়ের স্বাস্থ্য, ভারসাম্য এবং রোজের কাজ করার ক্ষমতাও বাড়ায়। তাই ৪০ বা ৫০ পেরিয়ে শক্তিবর্ধক শারীরচর্চা শুরু করতে পারেন, তবে অবশ্যই পেশাদারের তত্ত্বাবধানে থেকে।